২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানামার সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নরিয়েগার মৃত্যু

পানামার সাবেক সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল আন্তনিয়ো নরিয়েগা মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 04:35 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

পানামার স্থানীয় সময় সোমবার রাতে রাজধানী পানামা সিটির সান্তো টমাস হাসপাতালে ৮৩ বছর বয়সে তিনি মারা যান, এক ঘোষণায় জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী ম্যানুয়েল দোমিনগুয়েজ, খবর বিবিসির।

এক টুইটে পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভ্যারেলা বলেছেন, “ম্যানুয়েল এ. নরিয়েগার মৃত্যুতে আমাদের ইতিহাসের একটি অধ্যায় শেষ হল। শান্তিপূর্ণ একটি অন্ত্যেষ্টিক্রিয়া তার কন্যা ও স্বজনদের প্রাপ্য।”

সম্প্রতি মাস্তিষ্কের সার্জারির পর রক্তক্ষরণ হওয়ায় তাকে জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছিল।

ক্ষমতায় থাককালে নরিয়েগা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ছিলেন। কিন্তু ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের সেনারা এক সামরিক অভিযানের মাধ্যমে পানামা দখলের পর তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তখন পানামা সিটিতে ভ্যাটিকানের কূটনৈতিক মিশনে গিয়ে আশ্রয়ে নেন নরিয়েগা। 

Image
১৯৯০ সালে আত্মসমর্পণ করার পর ক্ষমতা হারানো নরিয়েগা। রয়টার্স ফাইল

১৯৯০ সালে আত্মসমর্পণ করার পর ক্ষমতা হারানো নরিয়েগা। রয়টার্স ফাইল

১৯৯০ সালের ৩ জানুয়ারি আত্মসমর্পণ করার পর তাকে যুক্তরাষ্ট্রের নিয়ে যাওয়া হয়, সেখানে ১৭ বছর কারাগারে ছিলেন তিনি। এর আগে ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত মাদক ও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত নারিয়েগাকে কারাদণ্ড দিয়েছিল।

কারাগারে থাকার সময়ই ফ্রান্সের একটি আদালত অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত নরিয়েগাকে তার অনুপস্থিতে সাত বছর কারাদণ্ডে দণ্ডিত করে। যুক্তরাষ্ট্র তাকে ফ্রান্সের কাছে হস্তান্তর করে।

পরে পানামার অনুরোধে এবং ফরাসি আদালতের অনুমোদনক্রমে ২০১০ সালে তাকে দেশে ফেরত পাঠানো হয়। সেখানে ফের বিচারে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যান তিনি।

মস্তিষ্কে টিউমার ধরা পড়লে সেটির অস্ত্রপচারের প্রস্তুতি নেওয়ার জন্য চলতি বছর জানুয়ারিতে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি করা হয়। মে-র প্রথমদিকে টিউমার অপসারণে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। 

কোনো নির্বাচন ছাড়াই ১৯৮৩ সাল থেকে সামরিক গভর্নর হিসেবে টানা ছয় বছর পানামার ক্ষমতায় ছিলেন তিনি। এ সময় মধ্য আমেরিকায় যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট বিরোধী লড়াইয়ে ওয়াশিংটনের অন্যতম প্রধান মিত্র হয়ে উঠেছিলেন।