উগ্রবাদীদের নির্মূল করুন: ট্রাম্প
সৌদি আরবে এক ভাষণে আরব নেতাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ‘ইসলামী উগ্রবাদের’ বিরুদ্ধে জোর লড়াইয়ের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবে প্রথম বৈদেশিক সফরে গিয়ে রোববার রিয়াদে আঞ্চলিক নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন “পৃথিবী থেকে তাদের নির্মূল করুন।”
মুসলিম দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ট্রাম্প বিতর্ক সৃষ্টি করলেও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে তিনি বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে লড়াই না বলে বরং ভাল ও মন্দের মধ্যকার একটি লড়াই হিসাবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “এ লড়াই একদিকে মানবজীবনকে নিঃশেষ করে ফেলা বর্বর অপরাধী এবং অন্যদিকে, এর সুরক্ষার চেষ্টায় নিয়োজিত সব ধর্মের সুশীল মানুষের মধ্যকার লড়াই।”
“এর মানে হচ্ছে, ইসলামী উগ্রবাদের সংকট এবং এ থেকে অনুপ্রাণিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সততা সঙ্গে লড়ে যাওয়া। আর একইসঙ্গে নিষ্কলুষ মুসলিম নিধন, নারী নিপীড়ন, ইহুদি নিপীড়ন এবং খ্রিস্টান নিধন একযোগে রুখে দাঁড়ানো।”
পৃথিবী থেকে উগ্রবাদ নির্মূল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উগ্রবাদী দলগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো অপেক্ষা করে বসে থাকতে পারে না।
