২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ’র ২০ চরকে হত্যা-কারাবন্দি করেছে চীন

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ১৮ থেকে ২০ জন গুপ্তচরকে কারাবন্দি বা হত্যা করেছে চীন সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 06:31 PM

Updated : 11 Apr 2022, 11:37 PM

২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে তাদেরকে কারাবন্দি বা হত্যা করা হয়েছে। এতে করে সংস্থাটির গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যাহত হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কি কারণে এমন ঘটনা ঘটল সে ব্যাপারে তদন্তকারীরা কোনওকিছু নিশ্চিত হতে পারেননি। অনেকে মনে করছেন, সিআইএ’র ভেতর থেকেই কোনও গুপ্তচর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে। আবার অনেকে মনে করছেন, চীন সিআইএ’র গোপন সিস্টেম হ্যাক করেছে।

সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তারা বলছেন, মার্কিন গোয়েন্দা নিরাপত্তা ব্যবস্থায় গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে খারাপ সংকট।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে চীন সিআইএ’কে তথ্যদাতাদেরকে খুন করে সংস্থাটির কয়েকবছরের কার্যকর নেটওয়ার্কই ধ্বংস করে ফেলেছে।

এদের মধ্যে একজন সিআইএ এজেন্টকে একটি চীনা সরকারি কার্যালয় চত্বরে গুলি করা হয় বলে টাইমসকে জানিয়েছেন তিন কর্মকর্তা। অন্যদেরকে, সিআইএ'র হয়ে কাজ না করার ব্যাপারে সতর্ক করতেই চীন এ পদক্ষেপ নেয়। এখনও অন্য অনেকজনকে জেলবন্দি রাখা হয়েছে।

২০১০ সালের শেষ দিক থেকেই সিআইএ’র কাছে তথ্য আসা কমতে শুরু করে এবং ২০১১ সালের শুরুর দিক থেকে চীনে কর্মরত সিআইএ চররা হঠাৎ করে উধাও হয়ে যেতে শুরু করেন।

একের পর এক গুপ্তচর খুন হতে থাকায় পরে সিআইএ এবং এফবিআই যৌথভাবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।