২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি-পন্থি মার্কিন দূতের ফেরত যাওয়া উচিত: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ঊর্ধ্বতন এক মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে কুর্দিদেরকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলে বলেছেন, তাকে দেশে ফেরত পাঠানো উচিত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2017, 10:33 PM

Updated : 11 Apr 2022, 11:36 PM

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কোয়ালিশনের মার্কিন দূত ব্রেট ম্যাকগারক নিশ্চিতভাবেই সিরিয়ায় ওয়াইপিজি যোদ্ধাদের এবং বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (পিকেকে) সমর্থন দিচ্ছেন বলে দাবি করেন মেভলুত।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই পররাষ্ট্রমন্ত্রী।

ট্রাম্প সিরিয়ার কুর্দিদেরকে অস্ত্র দেওয়ার কথা বলার পর থেকেই তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

তুরস্ক ওয়াইপিজি কে পিকেকে’র সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবেই দেখে। ১৯৮০’র দশক থেকে তুরস্কে লড়াই চালিয়ে আসছে পিকেকে।

কিন্তু গত সপ্তাহে পেন্টাগন বলেছে, ওয়াইপিজি যোদ্ধারা সিরিয়ায় আইএস এর ঘাঁটি রাক্কার দিকে অগ্রসর হওয়ায় তারা দলটিকে সরাসরি অর্থ সহায়তা দিচ্ছে।

রাক্কা দখল হয়ে যাওয়ার পর সে ভূখন্ড স্থানীয় আরবদেরকে দিয়ে দেওয়া হবে এন আশ্বাস তুরস্ক পেয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী মেভলুত আঙ্কারায় ফিরে জানিয়েছেন। তবে তিনি বলেন, মার্কিন দূত ম্যাকগার্ক প্রকাশ্যে কুর্দিদের সমর্থন দিচ্ছেন। ফলে, তিনি ফেরত যাওয়াটাই মঙ্গলজনক হবে।