২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের আমলে অভিবাসী গ্রেপ্তার প্রায় ৪০% বেড়েছে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ সন্দেহে অভিবাসী গ্রেপ্তারের হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 May 2017, 07:27 PM

Updated : 11 Apr 2022, 11:36 PM

‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) এর ভারপ্রাপ্ত পরিচালক থমাস হোম্যান এ তথ্য প্রকাশ করেছেন।

তিনি জানান, তার সংস্থা এবছর ২২ শে জানুয়ারি থেকে এপ্রিলের শেষ নাগাদ অবৈধ অভিবাসী সন্দেহে ৪১ হাজার ৩শ’ ১৮ জনকে গ্রেপ্তার করেছে । গত বছর একই সময়ে  এ সংখ্যা ছিল ৩০ হাজার ২৮ জন।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রায় দুই-তৃতীয়াংশই অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের আরওঅনেকই অন্য কোনও অপরাধে দোষী সাব্যস্ত হননি। এ ধরনের অভিবাসী আটকের সংখ্যা বেড়েছে ১৫০ শতাংশের বেশি।

এবছরের শুরু থেকে এমন ১০ হাজার ৮০০ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ৪ হাজার ২০০।

এ বছরের ২০ শে জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডনাল্ড ট্রাম্প। এরপর ২৫ শে জানুয়ারি তিনি অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক নির্বাহী আদেশ সই করেন।

সেই আদেশ বাস্তবায়নের জন্য হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলির নির্দেশনা আসার ফলেই অভিবাসী গ্রেপ্তার এত বেড়েছে।

আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক থমাস হোম্যান বলেন, যেসব মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তারা এখানকার আইন ভঙ্গ করেছেন। এটি একটি অপরাধ।

তিনি আরও বলেন, যে সব অভিবাসী জাতীয় নিরাপত্তায় হুমকি কিংবা যাদের অপরাধের রেকর্ড আছে তাদেরকে এখনও অগ্রাধিকার ভিত্তিতে গ্রেপ্তারের ওপর জোর দেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারের সময়  অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নীতি নেবেন বলে জানিয়েছিলেন। ক্ষমতায় এসে সেটিই বাস্তবায়ন করছেন তিনি।

তবে তার আমলে অভিবাসী বিতাড়নের সংখ্যা ১২ শতাংশ কমেছে বলেই জানিয়েছেন কর্মকর্তারা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যা অনেক বেশি ছিল।

সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বহু সংখ্যক অভিবাসীকে ফেরত পাঠিয়ে সমালোচিত হয়েছিলেন ওাবামা।

কিন্তু এ বছরের শুরু থেকে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী, বিশেষ করে, মেক্সিকো সীমান্ত পাড়ি দেওয়া অভিবাসীদের গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।