৮২ বছর বয়সে স্কুলের গণ্ডি পার!
চার বার ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, অথচ পেরোতে পারেননি স্কুলের গণ্ডিই। শেষ পর্যন্ত দিল্লির তিহার কারাগার থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ওম প্রকাশ চৌতালা।
১৯৯৯-২০০০ সালে ঘুষের বিনিময়ে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে ভুয়া কাগজপত্র জমা দিয়ে শিক্ষক পদে ৩,২০৬ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে চৌতালাসহ আরও ৫৫ জনের কারাদণ্ড হয়।
বর্তমানে দিল্লির তিহার কারাগারে রয়েছেন ৮২ বছরের চৌতালা।
তার ছেলে অভয় চৌতালা বলেন, তার বাবা আরও অর্থপূর্ণভাবে কারাভোগের দিনগুলো কাটানোর সিদ্ধান্ত নেন।
স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, “আমার বাবা প্রতিদিন কারাগারের পাঠাগারে যান।
“তিনি সেখানে দৈনিক পত্রিকা এবং বই পড়েন। তিনি প্রায়ই কারাগারের কর্মীদের তার পছন্দের বই এনে দিতে বলেন। তিনি বিখ্যাত রাজনীতিবিদদের নিয়ে লেখা বই পড়েন।”
ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের নেতা ওম প্রকাশ চৌতালা ভারতের সাবেক উপ-প্রধানমন্ত্রী দেবী লালের ছেলে।
