ছত্তিশগড়ে ১৬ মাওবাদীকে হত্যার দাবি ভারতীয় পুলিশের
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে ১৬ জন মাওবাদী বিদ্রোহীকে হত্যার দাবি করেছে পুলিশ।
বিবিসির খবরে বলা হয়, রাজ্যটির মাওবাদী-বিরোধী বাহিনীর প্রধান ডিএম আসওয়াস্তি জানিয়েছেন, বিজাপুর জেলার কাছে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এসব মাওবাদীরা নিহত হয়।
দীর্ঘ দিন ধরে এই রাজ্যটি মাওবাদী অধ্যুষিত। গত মাসে রাজ্যটিতে মাওবাদীদের হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ২৪ জওয়ান নিহত হয়।
মাওবাদীদের দাবি, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন ও গ্রামীণ দরিদ্রদের বৃহত্তর অধিকার ও সাম্যবাদী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।
গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক দুটি অভিযানে ওই মাওবাদী বিদ্রোহীরা নিহত হয়েছে। তবে কখন অভিযান চালানো হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
গত মাসে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২৪ জওয়ান নিহত হওয়ার ঘটনায় মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়েছিল ভারতীয় সরকার। তার ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে মাওবাদীদের তৎপরতা আছে। তারা প্রায় নিয়মিতভাবে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। ২০১০ সালে ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলায় তাদের চোরাগোপ্তা হামলায় ভারতীয় পুলিশের ৭৪ জন সদস্য নিহত হয়েছিল। মাওবাদীদের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।
