মদিনায় হজযাত্রীদের আবাসন সুবিধা বাড়ছে
হজ উপলক্ষে মদিনায় আবাসন সুবিধা বাড়িয়ে সাত লাখে উন্নিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার।
সপ্তাহ দুয়েক আগে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
হজ ও ওমরাহ উপমন্ত্রী মোহাম্মাদ আল বাইজান বলেন, “সৌদি সরকার দর্শনার্থী ও হজযাত্রীদের আরও উন্নত সেবা দিতে চায়। এর অংশ হিসেবে মদিনায় নতুন করে হোটেল নির্মাণের মাধ্যমে হজযাত্রীদের জন্য আবাসন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
এছাড়া আবাসন ব্যবস্থা বাড়ানো হলে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে, যা মদিনার অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন আল বাইজান।
এ জন্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্তরের লোকজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মদিনার আমির প্রিন্স ফয়সাল বিন সালমান ওই কমিটিতে সমর্থন দিয়েছেন এবং সরকারি বিভাগগুলোর সঙ্গে জনগণের সংযোগ স্থাপণের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মদিনায় আবাসন সংখ্যা বাড়াতে মন্ত্রণালয় থেকে সহায়তার কথা বলা হয়েছে। এর পাশাপাশি বেসরকারিখাতের অংশগ্রহণের গুরুত্বের বিষয়েও কমিটির বৈঠকে আলোচনা করা হায়েছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়, আগামী চার বছরে হজযাত্রীর সংখ্যা বেড়ে আড়াই কোটির বেশি হবে।
বর্তমানে মদিনায় হজ মৌসুমে তিন লাখ ২০ হাজার মানুষের আবাসনের সুবিধা আছে।
আর বছরের অন্যান্য সময় সেখানে দেড় লাখ পর্যটক থাকতে পারে।
আবাসন সুবিধা বাড়াতে এরই মধ্যে দুইটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।
তার মধ্যে এক কোটি ৬০ লাখ বর্গকিলোমিটার এলাকা জুড়ে চলছে দার আল হিজরা প্রকল্পের কাজ। ৫৫ কোটি সৌদি রিয়াল খরচে নির্মাণাধীন ওই প্রকল্পে এক লাখ ২০ হাজার মানুষের আবাসন ব্যবস্থা হবে।
আর আর্দ হুজাজ আল বীর প্রকল্পে খরচ হবে এক কোটি ৮ লাখ রিয়াল। এখানে ৬৬ হাজার জনের থাকতে পারবেন।
গত কয়েক বছর ধরেই হজ সেবা উন্নত করতে কাজ করছে সৌদি আরব সরকার।
সড়ক পরিবহন ব্যবস্থায় উন্নতির কারণে আগের তুলনায় অনেক কম সময়ে এখন হজযাত্রীরা বিমানবন্দর থেকে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।
