২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিপজ্জনক: পুতিন

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পিয়ংইয়ংকে ‘ভয়ভীতি’ দেখানোর বিরুদ্ধেও সবাইকে সতর্ক করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2017, 06:13 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থা জানিয়েছে, চীনে ওয়ান বেল্ট ওয়ান রোড সম্মেলনের ফাঁকে এক বক্তব্যে পুতিন কোরিয়া উপদ্বীপে চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

পুতিন সাংবাদিকদের বলেন, “আমি এটি নিশ্চিত করেই বলতে চাই যে, আমরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের প্রসার ঘটার বিরোধী। (উত্তর কোরিয়ার) এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আমরা ক্ষতিকারক এবং বিপজ্জনক বলেও মনে করি। কিন্তু আমাদের উত্তর কোরিয়াকে ভয়ভীতি প্রদর্শন করাও বন্ধ করতে হবে এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে।”

উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা জানায়, রোববার উত্তর কোরিয়া হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি ২,১১১ দশমিক ৫ কিলোমিটার উচ্চতায় উঠে ৭৮৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪ হাজার ৫শ’ কিলোমিটার। এটি যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে আঘাত হানতে সক্ষম। গুয়ামে আছে যুক্তরাষ্ট্রের এন্ডারসন বিমান ঘাঁটি।

কেসিএনএ বলেছে, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া দেখিয়ে দিয়েছে যে, ওয়াশিংটন তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধে কোনও সামরিক ব্যবস্থা নিলে পাল্টা আঘাত হানার মত শক্তিশালী উপায় তাদেরও আছে।

বড় ধরনের ভারী পারমাণবিক ওয়ারহেড’ বহনের সক্ষমতা যাচাই করতে নতুনভাবে তৈরি মধ্য থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রই রোববার পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া।

ক্ষেপণাস্ত্রটি বিপজ্জনকভাবে রাশিয়ার ভূখন্ডের খুব কাছে পড়েছে বলে রোববার জানিয়েছে হোয়াইট হাউজ। কিন্তু রাশিয়া একথা নাকচ করে বলেছে, ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ড থেকে ৫শ’ কিলোমিটার দূরে পড়েছে এবং এটি তাদের জন্য কোনও হুমকি নয়।