ক্যান্সার আক্রান্ত নারীর কনে হওয়ার স্বপ্ন পূরণ
তাইওয়ানে স্তন ক্যান্সারে আক্রান্ত এক নারী তার সঙ্গীহীন জীবনে সত্যিকারের বিয়ে না হলেও সে স্বপ্ন পূরণ করেছেন কনের সাজে ছবি তুলে।
২৮ বছর বয়সী কিউ মে চেন ২০১৫ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন। রোগে কাবু হওয়ার আগেই বিয়ের পোশাক পরে কনে হওয়ার স্বপ্ন পূরণের প্রত্যয় ছিল তার।
তাইওয়ানের বাড়ি থেকে বিবিসি’র প্রতিবেদক সিন্ডি সুইয়ের কাছে চেন বলেছিলেন, “আমি সবসময়ই এমন কারও অপেক্ষায় ছিলাম যে এসে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। আমারও বিয়ের ছবি তোলাহবে। কিন্তু এখন আমি নিজেই আমার সে স্বপ্ন পূরণের উদ্যোগ নিয়েছি।”
ক্যান্সার হওয়ার কথা জানতে পারার পর ভেঙে পড়েছিলেন বলে জানান চেন। কেঁদেওছিলেন অনেক। কিন্তু ক্যান্সার তার বিয়ের স্বপ্ন দেখা দমাতে পারেনি।
রোগেশোকে মুখ বুঁজে পড়ে থাকার বদলে চেন নিজেই তার জীবনের নিয়ন্ত্রণ তুলে নেন নিজের হাতে। বাকি যেটুকু সময় আছে সেটুকু নিজের মনের মতো করেই কাটিয়ে নিচ্ছেন তাইওয়ানের এই নারী।
ওয়েডিং ফটোসেশনের পরিকল্পনামাফিক সাদা, গোলাপি, বিভিন্ন রংয়ের চারটি বিয়ের পোশাকে ছবি তুলেছেন তিনি। গাড়ি ভাড়া করে বিভিন্ন ভাড়া করা ভেন্যুতে গিয়েও বিয়ের ছবি তুলেছেন চেন।
বিবিসি’র ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, "যখন বিয়ের গাউন পরলাম আমার কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল যেন বহু বছর ধরে লালন করা আমার স্বপ্ন সত্যি সত্যিই পূরণ হয়েছে।”
চেনের কেমোথেরাপি চলছে। প্রতি সপ্তাহে তিনবার করে তাকে হাসপাতালে যেতে হয় ইনজেকশন নিতে।
চেন তার জীবনের এ ঘটনার মধ্য দিয়ে অসুস্থ অন্যান্যদের অনুপ্রেরণা জুগিয়েছেন। বহু মানুষেরও মন ছুঁয়ে গেছে তার জীবনকাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অনেকেই সাহসী ও উদ্যমী বলে প্রশংসা করেছে। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন এমন শুভকামনাও করেছেন অনেকে।
