কাশ্মিরের সীমান্তে পাকিস্তানি-ভারতীয় বাহিনীর গোলাগুলি
জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও পাকিস্তানি বাহিনী ব্যাপক গোলাগুলি বিনিময় করেছে বলে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনে জানা গেছে।
রোববার এনডিটিভি জানিয়েছে, শনিবার ভোররাতে জম্মু ও কাশ্মির রাজ্যের নওশেরা সেক্টরে পাকিস্তানি বাহিনীর নির্বিচার গোলাবর্ষণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।
রোববার রাজ্যের রাজৌরি সেক্টরের চীনগাস এলাকায় ফের ভারি গুলিবর্ষণ ও মর্টারের গোলা ছুড়েছে। ভোর সকাল থেকে ওই সীমান্তের ভারতীয় চৌকিগুলোকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ও দীর্ঘ পাল্লার মর্টারের গোলা ছুড়েছে পাকিস্তানি বাহিনী।
ব্যাপক এ গোলাবর্ষণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কর্তৃপক্ষ সীমান্ত এলাকার এক হাজারেও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।
এ নিয়ে গত চারদিনে পাকিস্তানি বাহিনী তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং গত এক বছরে ২৭১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর।
অপরদিকে রোববার দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনো ভুল না করার জন্য শনিবার ভারতীয় বাহিনীর প্রতি কড়া হুঁশিয়ারি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
ওই দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলা বিনিময় হয়েছে, এতে আজাদ জম্মু ও কাশ্মিরের (একেজে) বিভিন্ন এলাকায় অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আটজন নারী ও দুই বছর বয়সী একটি শিশু রয়েছে।
দুটি পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও ‘বিনা উস্কানিতে’ হামলা চালানোর অভিযোগ করেছে।
