পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২৬, আইএসের দায় স্বীকার
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দেশটির সিনেটের ডেপুটি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর হায়দারির গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে।
শুক্রবার বেলুচিস্তানের প্রধান শহর কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দূরে মাসতুং শহরে চালানো এ হামলায় সিনেটর হায়দারিসহ আরো ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দ্য ডন।
মাসতুংয়ের কোয়েটা-করাচি জাতীয় মহাসড়কে হামলার ঘটনাটি ঘটে। বেলুচিস্তানের কালাত শহরে একটি মাদ্রাসার একটি ডিগ্রি প্রদান অনুষ্ঠানের পর জুমার নামাজ শেষে ওই সময় করাচি ফিরছিলেন জামাত উলেমা ই ইসলাম ফজল (জেইউআই-এফ) দলের নেতা মাওলানা হায়দারি।
পুলিশ জানিয়েছে, হায়দারি যে গাড়িতে ছিলেন আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেল চালিয়ে এসে সেই গাড়িটিতে সরাসরি আঘাত করে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণস্থলে ওই মোটরসাইকেলের কিছু অংশ পাওয়া গেছে।
বিস্ফোরণের শব্দে পুরো মাসতুং শহর কেঁপে ওঠে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। শহরটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে পুলিশের একটি গাড়িসহ অনেকগুলো গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ধ্বংস হয়ে যায়। মাওলানা হায়দারির বুলেট-প্রুফ গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
নিহতদের মধ্যে জেইউআই-এফের কোয়েটা জেলার নায়েবে আমিরসহ দলটির আট নেতাকর্মী, পাকিস্তান সিনেটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী বাহিনীর এক কর্মকর্তা, মাওলানা হায়দারির গাড়িচালকও রয়েছে।
নিহতদের বেশ কয়েকজনের লাশ শনাক্ত করা যায়নি।
এটি আত্মঘাতী হামলা ছিল এবং এতে ১০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঘটনাস্থলে উপস্থিত বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীর কর্মকর্তারা।
এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে মাওলানা হায়দারির দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
