২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধিতার মুখে ট্রাম্প, রাশিয়া নিয়ে জোর তদন্ত চালাবে এফবিআই

বরখাস্ত এফবিআই প্রধান জেমস কোমিকে আক্রমণ করে কথা বলে শীর্ষ মার্কিন সিনেটররাসহ গোয়েন্দা সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাকাবের কাছ থেকেও বিরোধিতার সম্মুখীন হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 05:19 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

ম্যাকাবে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে, ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের বিষয়টি নিয়ে জোরেসোরেই তদন্ত চালিয়ে যাবে এফবিআই।

কোমি বরখাস্ত হওয়ার পরপরই ডেমোক্র্যাটরা অভিযোগ করে বলেছিল, রাশিয়া নিয়ে তদন্ত করছিলেন বলেই তাকে বরখাস্ত হতে হয়েছে। হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারি তদন্তে সঠিক তথ্য দিতে না পারার কারণে কোমিকে বরখাস্তের যে যুক্তি ট্রাম্প প্রশাসন দেখিয়েছে তা অজুহাত মাত্র।

কিন্তু কোমিকে বরখাস্ত করার পর বৃহস্পতিবার প্রথম সাক্ষাৎকারে ‘এনবিসি নিউজ’কে ট্রাম্প ডেমোক্র্যাটদের ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, কোমি কে তার অযোগ্যতার কারণেই সরানো হয়েছে, রাশিয়া নিয়ে তদন্তের কারণে নয়।

কোমির বিরুদ্ধে ‘নিজের দক্ষতা জাহির করা’র অভিযোগ তুলে ট্রাম্প বলেন, “আসলে এফবিআই বিৃশঙ্খলায় ডুবতে বসেছিল। আপনারা তা জানেন, আমিও জানি, সবাই তা জানে।” কোমিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিজেই নিয়েছেন বলে এনবিসি কে জানান ট্রাম্প। তাছাড়া, তার বিরুদ্ধে কোনও তদন্ত হচ্ছে না এ বিষয়টিও ট্রাম্প জোর দিয়ে বলেছেন।

কিন্তু ট্রাম্প যেভাবে কোমিকে চিত্রিত করার চেষ্টা করেছেন তা নিয়ে আপত্তি জানিয়েছেন সিনেট গোয়েন্দা কমিটির শীর্ষ রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা।

বৃহস্পতিবার এক শুনানিতে কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রিচার্ড বার এবং শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার উল্টো কোমির প্রশংসা করেছেন। ট্রাম্প তার সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তাতে ওয়ার্নার অপমাণিত বোধ করেছেন বলে জানান।

এফবিআই বিশৃঙ্খলায় ডুবতে বসেছিল এবং কর্মকর্তারা কোমির ওপর আস্থা হারিয়েছিল- ট্রাম্পের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু ম্যাকাবে। বরং এফবিআই এর কর্মকর্তাদের দিক থেকে কোমির প্রতি ব্যাপক সমর্থন ছিল এবং এখনও আছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের প্রচারশিবিরের সঙ্গে দেশটির সম্ভাব্য আঁতাতের বিষয়টি নিয়ে এফবিআই তদন্তেরই নেতৃত্ব দিচ্ছিলেন জেমস কোমি। যে সময়টিতেই তিনি হুট করে বরখাস্ত হন।

প্রেসিডেন্ট ট্রাম্প এ তদন্তকে ‘প্রহসন’ বলে দাবি করেছেন। তার এ দাবির সরাসরি বিরোধিতা করেছেন কোমির উত্তরসূরি। সিনেটরদেরকে অ্যান্ড্রু ম্যাকাবে বলেছেন, “আমার বিশ্বাস, এফবিআই এ তদন্ত আরও জোরেসরে চালাবে এবং পূণাঙ্গ তদন্ত করবে।”