তিন তালাক নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি
ভারতের সুপ্রিম কোর্ট ‘তিন তালাক’ দেওয়ার বিতর্কিত প্রথা নিয়ে শুনানি শুরু করেছে।
বিবিসি জানায়, ইসলাম ধর্মে ‘তিন তালাক’ মৌলিক বিষয়গুলোর আওতায় পড়ে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বে ভিন্ন ধর্মের পাঁচ বিচারকের বেঞ্চ মামলার শুনানি অনুষ্ঠান করছে। শুনানি শেষ হবে ১৯ মে। এরপরই দেওয়া হবে চূড়ান্ত রায়।
‘তিন তালাক’ প্রথানুযায়ী, একজন পুরুষ মুখে তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করে মুহূর্তের মধ্যেই স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারেন। এমন প্রথা ‘বৈষম্যমূলক’ এবং ‘অন্যায়’ বলেই অভিমত বিভিন্ন নারী সংগঠন ও মানবাধিকার কর্মীদের। বিষয়টি নিয়ে ভারতে দীর্ঘদিন থেকেই বিতর্ক চলে আসছে।
গত বছরের শুরুতে ভারতের বেশ কয়েকটি মুসলিম নারী সংগঠন তিন তালাক বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে। পরে কেন্দ্রীয় সরকারও এ দাবির পক্ষে দাঁড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ প্রথার বিরুদ্ধে সোচ্চার হন।
এরপরই বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে তিন তালাক মামলার ঐতিহাসিক শুনানি। ভিন্ন ধর্মের পাঁচ বিচারকের একজন হিন্দু, একজন শিখ, একজন খ্রিস্টান, একজন পার্শি ও একজন মুসলমান।
মুসলিম নারী সংগঠনগুলোর করা এ মামলার অন্য পক্ষে রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড এবং বেশ কিছু গোঁড়া ধর্মীয় সংগঠন। মামলা চলাকালে দুই পক্ষই সওয়াল করার জন্য দু’দিন করে সময় পাবে। এবং একদিন করে সময় পাবে অপর পক্ষের যুক্তি খণ্ডনের জন্য।
তিন তালাক প্রথার সমর্থকরা বলছেন, কোনও আদালত এ প্রথা নিয়ে বিচার করতে পারে না। মুসলমানদের তার নিজেদের ধর্মীয় অনুশাসন মেনে চলার অধিকারে আদালত হস্তক্ষেপ করতে পারে না।
ওদিকে, ভারত সরকার আদালতকে বলেছে, তিন তালাক অসাংবিধানিক, নারী-পুরুষের ন্যায়বিচার এবং নারীদের মর্যাদা পরিপন্থি।
প্রথাটি ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ভারতের মুসলিম নারীরাও অনেকদিন ধরেই এটি নিষিদ্ধ করার দাবি তুলেছে।
