থাইল্যান্ডে গাড়িবোমা হামলায় আহত ৬০
থাইল্যান্ডের ইয়ালা প্রদেশের পাতানি শহরে একটি সুপারমার্কেটে গাড়ি বোমা হামলায় ৬০ জন আহত হয়েছে।
এক দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডের মালয় মুসলিম অধ্যুষিত ইয়ালা, পাতানি ও নারাথিওয়াত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলে আসছে।
স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘ডিপ সাউথ ওয়াচ’ এর তথ্যানুযায়ী, ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী দলগুলোর হামলায় এ প্রদেশগুলোতে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। মঙ্গলবারের হামলার পেছনেও তারা জড়িত বলে ধারণা থাই পুলিশের।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিস্ফোরণের ধাক্কায় বিগ-সি সুপারমার্কেটের সামনের অংশ ধ্বংসস্তুতে পরিণত হয়েছে।
উপ পুলিশ প্রধান রেওয়াত শ্রীচানতুব বলেন, বিস্ফোরণের আগেই হামলাকারী পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। গত বছর অগাস্টের পর পাতানিতে এটাই প্রথম গাড়ি বোমা হামলা। হামলায় আহতদের পাতানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ২১ জনের আঘাত গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালটির উপ পরিচালক অরুণ প্রসারসুক।
মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের দক্ষিণে এ বছর বিচ্ছিন্নতাবাদীদের হামলা বেড়ে গেছে। গত মাসে হামলাকারীরা ছয় আর্মি রেঞ্জারকে হত্যা করে।
বিচ্ছিন্নতাবাদী দলগুলোর অন্যতম বারিস্তান রেভলুসি নাসিওনাল দল থেকে থাই সরকারকে শর্ত সাপেক্ষে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। যা থাই সরকার বাতিল করে দেয়।
দলটি শান্তি আলোচনায় আন্তর্জাতিক মধ্যস্থতা কিংবা পর্যবেক্ষণ দাবি করেছে।
