২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়ার নির্বাচনে মুন জায়ে-ইনের জয় দাবি

ব্যাপক দুর্নীতি কেলেঙ্কারির মুখে সাবেক প্রেসিডেন্টের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ায় আগাম প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করেছেন উদারনৈতিক প্রার্থী মুন জায়ে-ইন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 05:51 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

রাজধানী সিউলের গোয়াংওয়ামুন স্কয়ারে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে মুন বলেন, “আমিই সব দক্ষিণ কোরীয় নাগরিকের প্রেসিডেন্ট হব।”

মঙ্গলবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে মুন জায়ে-ইনকেই বেছে নিচ্ছে বলে বুথ ফেরত জরিপে আভাস মেলার পর তিনি এ জয় দাবি করলেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও প্রকাশ করা হয়নি।

তবে তিনটি নেটওয়ার্ক টিভি স্টেশন পরিচালিত বুধ ফেরত জরিপের ফল উল্লেখ করে বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মুন জায়ে-ইন পেয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী হং জুন-পায়ো পেয়েছেন ২৩ দশমিক ৩ ভোট।

পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট পার্ক জেয়ুন হাই এর নীতির বিপরীতে মুন জায়ে-ইন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে চান। ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব সম্পর্ক ছিন্ন করেছিলেন পার্ক। 

মুন উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ালে বর্তমান দক্ষিণ কোরীয় নীতির পরিবর্তন ঘটবে। উত্তর কোরিয়ার সঙ্গে বিরাজমান তীব্র উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীর সদস্য থেকে মানবাধিকার আইনজীবী বনে যাওয়া মুন মঙ্গলবার সকালে ভোট দিতে ভোটকেন্দ্রে যাওয়ার পর সাংবাদিকদের বলেন, “আমার বিশ্বাস শুধু আমার দল বা আমি নয় বরং পুরো দেশ অধীর আগ্রহে সরকারের পরিবর্তন চাইছে।”

মুনের জয় নিশ্চিত হলে তিনি বুধবারই প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে পারেন।

২০১২ সালে এই মুনকে হারিয়েই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন পার্ক জেউন হাই।

কে এই মুন জায়ে-ইন?

উত্তর কোরিয়া থেকে আসা শরণার্থী পরিবারের ছেলে মুন জায়ে-ইন ১৯৭০ এর দশকে ছাত্র থাকাকালে পার্ক জিউন হাইয়ের বাবা এবং তৎকালীন সামরিক শাসক পার্ক চুং-হি’র বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার কারণে জেলে গিয়েছিলেন।

এরপর মানবাধিকার আইনজীবী হওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীতে কাজ করেন।

মধ্য-বাম ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মুন জায়ে-ইন ২০১২ সালের নির্বাচনে পার্ক জিউন হাইয়ের কাছে হেরে যান। পার্ক আমলের কেলেঙ্কারি থেকে দেশকে সরিয়ে নেওয়ার যোগ্য ব্যক্তি হিসাবে জনগণের কাছে নিজেকে তুলে ধরেছেন তিনি।

তিনি নিজে কিংবা শুধু তার দলই বরং পুরো দেশ অধীর আগ্রহে সরকারের পরিবর্তন চাইছে বলেই মনে করেন মুন।

তার নীতিগুলো কি?

মুন উত্তর কোরিয়ার সঙ্গে বৃহত্তর সংলাপের পক্ষে কথা বলার পাশাপাশি দেশটির ওপর চাপ প্রয়োগ করে যাওয়া এবং নিষেধাজ্ঞা বহাল রাখার কথাও বলেছেন।

উত্তর কোরিয়ার অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধে ব্যর্থতার জন্য আগের দুটো রক্ষণশীল প্রশাসনের সমালোচনাও করেছেন তিনি।

তবে কোরিয়া উপদ্বীপে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার নির্বাচনের ওপর নিবিড় নজরদারির নিশ্চয়তা থাকার কারণে দক্ষিণ কোরীয়রা এখন দুর্নীতি দূর করা এবং অর্থনীতির দিকটিকেই প্রাধান্য দিচ্ছে। একইসঙ্গে প্রাধান্য পাচ্ছে তরুণদের বেকারত্বের হার কমানোর বিষয়টি।