২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় কানাডায় চারজনের মৃত্যুর আশঙ্কা

কানাডার কয়েকটি অংশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় চার ব্যক্তি নিখোঁজ রয়েছে, তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 03:36 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকের ১৪৬টি এলাকা বন্যাকবলিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ওই এলাকাগুলোর ১,৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮৫০ জন বন্যার্ত বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

একদিকে গলতে থাকা তুষার ও অপরদিকে এপ্রিল ও মে-তে স্বাভাবিকের চেয়েও অনেক বেশি বৃষ্টিপাতের কারণে কুইবেকের বন্যা মহাপ্লাবনের রূপ নিয়েছে।

কুইবেকের পূর্বাঞ্চলীয় গাসপি এলাকার সেন্ট অ্যানি নদীতে রোববার রাতে একটি গাড়ি ভেসে যাওয়ার পর থেকে এক ব্যক্তি ও ছোট একটি শিশু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ওই শিশুটির মা কোনরকমে রক্ষা পেয়েছে। কিন্তু তার সন্তান ও বয়ফ্রেন্ড হারিয়ে গেছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

রোববার রাতভর তাদের খোঁজে হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হয়েছে, এ সময় জরুরি বিভাগের বহু কর্মী তল্লাশিতে সহায়তা করেছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্যাকবলিত প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় শুক্রবার রাতে দমকল বাহিনীর এক কমান্ডার নিখোঁজ হন। একটির্ ঝিরির পানির স্তর পরীক্ষা করার সময় তিনি ভেসে যান। 

পাশাপাশি টাপেন এলাকায় ভূমিধসের পর ৭৬ বছর বয়সী আরেক ব্যক্তিও নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধার কর্মীরা। তবে তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।  

অন্টারিও ও নিউ ব্রন্সউইক প্রদেশও বন্যাকবলিত হয়েছে।

কুইবেকে বন্যাকবলিতদের সহায়তা ও তাদের বাড়ি বালির বস্তা দিয়ে ঘেরার কাজে এক হাজার ৬৫০ জন সৈন্যকে নিয়োজিত করা হয়েছে বলে জানা গেছে।

প্রদেশটির বহু পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এক হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে।

প্রদেশটির বৃহত্তম শহর মন্ট্রিয়ালসহ দশটি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মন্ট্রিয়েলে জরুরি অবস্থা আরো পাঁচদিন বাড়ানোর বিষয়টি নগর কর্তৃপক্ষের বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন মেয়র ডেনিস কোডেরি