অস্ট্রেলিয়ায় ইন্টারনেটে নগ্ন ছবি ছড়িয়ে হেনস্থা
ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি ছড়িয়ে 'প্রতিশোধ' নেওয়ার যে প্রবণতা অনেক সময়ই দেখা যায় ঠিক সেরকমই ঘটনার শিকার হয়েছে প্রতি পাঁচজনে একজন অস্ট্রেলীয়।
অনুমতি ছাড়া তাদের নগ্ন বা অশ্লীল ছবি তোলার পর নানাভাবে তা ছড়িয়ে দেয়া হয়।
‘রিভেঞ্জ পর্ন’ শিরোনামে অস্ট্রেলিয়া সরকারের সবচেয়ে পূর্ণাঙ্গ একটি গবেষণা ভয়াবহ এ তথ্য উঠে এসেছে।
দেশজুড়ে জরিপে প্রায় সাড়ে চার হাজার মানুষকে জিজ্ঞাসাবাদে দেখা যায়, নারী-পুরুষ উভয়ই প্রায় সমানভাবে এ ধরনের হেনেস্তার শিকার হন। বেশির ভাগ ক্ষেত্রেই অনুমতি ছাড়া নগ্ন বা অশ্লীল ছবি তোলা হয়।
তবে জরিপে অংশ নেওয়া ১১ শতাংশ মানুষ বলেছেন, তাদের জ্ঞতসারে ছবি তোলা হলেও তাদের অনুমতি ছাড়াই সেগুলো ছড়ানো হয়েছে।
গবেষকরা বলেন, জরিপ ফলাফলে প্রচলিত ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর মাত্রায় এ ধরণের ঘটনা ঘটার তথ্য বেরিয়ে এসেছে।
আরএমআইটি ইউনিভার্সিটি ও মোনাশ ইউনিভার্সিটির অধীনে এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়।
জরিপে দেখা যায়, নগ্ন ছবি তোলা এবং ছড়িয়ে দেওয়ার পেছনে পুরুষদের হাতই বেশি থাকে। যদিও নারীরা তাদের নিজেদের নিরাপত্তায় অনেক বেশি সচেতন থাকেন।
আদিবাসী, প্রতিবন্ধী এবং এলজিবিটি-র মত সংখ্যালঘুরা এ ধরনের ঘটনার শিকার হন বেশি বলে জানিয়েছেন গবেষকরা।
তারা ছবি ছড়িয়ে হেনস্তাকে আইনের চোখে অপরাধ হিসেবে ঘোষণা করার এবং হেনেস্তার শিকার ব্যক্তিদের সাহায্যে একটি হেল্পলাইন নাম্বার রাখার পরামর্শ দিয়েছেন।
প্রধান গবেষক ড. নিকোলা হেনরি বলেন, “ছবি-ভিত্তিক নীপিড়নের ঘটনা এত দ্রুত বাড়ছে যে, অবশ্যম্ভাবীরূপে আমাদের আইন ও নীতি দিয়ে উৎপীড়কদের ধরা কঠিন হয়ে যাবে।”
“বিষয়টি শুধু ‘রিভেঞ্জ পর্ন’ এর ব্যাপার নয়। বরং এ ধরনের ছবির মাধ্যমে ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ, নিপীড়ন এবং হেনেস্তা করা হয়।”
অস্ট্রেলিয়ার মাত্র দুইটি প্রদেশে (ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়া) অনুমতি না নিয়ে ছবি বিতরণের বিরুদ্ধে আইন আছে।
