২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২য় বিশ্বযুদ্ধের বোমা নিস্ক্রিয়ে ৫০ হাজার মানুষ সরানো হচ্ছে

জার্মানির হ্যানোভার শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাঁচটি বোমা নিস্ক্রিয়করণের জন্য প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2017, 06:51 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয়করণের দ্বিতীয় বৃহত্তম ঘটনা এটি। এজন্য শহরটির জনসংখ্যার প্রায় এক-দশমাংশ মানুষকে সরে যেতে হচ্ছে।

যেসব ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে সাতটি সেবাকেন্দ্র, একটি ক্লিনিক ও একটি কন্টিনেন্টাল টায়ার প্ল্যান্ট।

কর্মকর্তারা আশা করছেন, যাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে তারা সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরতে পারবে।

বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ১৩ টি সন্দেহজনক বস্তু পরীক্ষা করেছে। তবে রিপোর্টে বলা হয়েছে,  এর মধ্যে ৫ টি বোমা বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষ হ্যানোভার শহরে বিমান থেকে বোমা বর্ষণ করে এবং এতে শহরের হাজারো মানুষ নিহত হয়, ধ্বংস হয় শহরের বহুলাংশ।

১৯৪৩ সালের ৯ অক্টোবরের রাতের হামলায় ২ লাখ ৬১ হাজার বোমার আঘাতে ১ হাজার ২৪৫ জন নিহত হয়। ঘরছাড়া হয় ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।