২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি সামরিক ঘাঁটিতে আইএসের আত্মঘাতী হামলা

উত্তর ইরাকের একটি সামরিক ঘাঁটিতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের চালানো আত্মঘাতী হামলায় অন্তত দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2017, 04:00 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

ওই সামরিক ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টারাও ছিলেন বলে রোববার জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো। 

শনিবার দিবাগত রাতে দুই জঙ্গি কিরকুকের কে-ওয়ান ঘাঁটির প্রবেশ পথে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। আরও তিন জঙ্গিকে ওই এলাকা নিয়ন্ত্রকারী কুর্দি পেশমেরগা বাহিনী বাহিনী গুলি করে হত্যা করে। 

এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “তারা কুর্দি পেশমেরগা বাহিনীর ইউনিফর্ম পরে দাঁড়ি কামিয়ে কুর্দি যোদ্ধা সেজে এসেছিল।” 

এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলায় বহু সংখ্যক ‘ক্রুসেডার ও মুরতাদকে’ হত্যা করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীটি। 

বিবৃতিতে ‘ক্রুসেডার’ বলতে মার্কিন সামরিক উপদেষ্টা ও ‘মুরতাদ’ বলতে পেশমেরগার যোদ্ধাদের বোঝানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

কিরকুকের ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল থেকে আইএসকে হটাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর সমর্থনে লড়াই করছে ইরাকি বাহিনীগুলো। কিন্তু এই দুই শহরের মধ্যবর্তী স্থানের বেশ কয়েকটি বিচ্ছিন্ন এলাকা এখনো জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়ে গেছে, এর মধ্যে কিরকুকের নিকটবর্তী হাবিজা অন্যতম।