২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুলিশসহ নিহত ৩

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক পুলিশসহ তিনজন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 09:39 AM

Updated : 11 Apr 2022, 11:32 PM

এনডিটিভি জানিয়েছে, শনিবার জেলার মির বাজার এলাকায় পুলিশের একটি দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা, এতে দুই বেসামরিক ও এক পুলিশ নিহত হয়, আহত হয় আরো তিনজন।

ওই এলাকায় একটি সড়ক দুর্ঘটনার পর গাড়িচলাচল নিয়ন্ত্রণ করছিল পুলিশের দলটি। এ সময় বিচ্ছিন্নতাবাদীরা একটি গাড়িযোগে এসে পুলিশের ওপর হামলা চালায়।

তাদের পাল্টা গুলিতে এক হামলাকারী নিহত ও অপর একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিচালক এসপি ভায়িদ বলেছেন, “হামলায় তিন সন্ত্রাসী জড়িত ছিল বলে ধারণা করছি আমরা। পুলিশের পাল্টা গুলিতে তাদের একজন নিহত হয়েছে। আরো একজন আহত হয়েছে বলে আমাদের ধারণা। হামলায় এক পুলিশ সদস্য ও দুই বেসামরিক প্রাণ হারিয়েছে।”

এক হামলাকারীর কাছ থেকে পুলিশ একটি পিস্তল ছিনিয়ে নিতে পেরেছে, এছাড়া আহত হামলাকারীর রক্তের দাগ অনুসরণ করে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  

অপর এক হামলাকারী পালিয়ে গেছে।