২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের মেয়ের নাম ‘ইভাঙ্কা’ রাখলেন সৌদি নাগরিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের নামের প্রেরণায় নিজের নবজাতক কন্যার নাম ইভাঙ্কা রেখেছেন সৌদি আরবের এক নাগরিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 02:34 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

সৌদি আরবের আরার শহরের নারী ও শিশু হাসপাতালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দপ্তরে নিজের কন্যার নাম রেজিস্ট্রি করেছেন সালেম আমের সালেম আল আয়াশি আল আনজি নামের ওই ব্যক্তি।

তারপর থেকে ওই শিশুকন্যার জন্মসনদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে সৌদি আরবে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আবর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আল আনজি জানিয়েছেন, কন্যার এই নাম কর্তৃপক্ষ অনুমোদন করবে না বলে তার সহকর্মীরা তাকে বলেছিলেন। কিন্তু ইভাঙ্কা নামটির বিষয়ে কোনো ধর্মীয় বা নৈতিক বিধিনিষেধ আরবীতে বা সৌদি সংস্কৃতিতে নেই বলে দাবি করেছিলেন তিনি।

ইভাঙ্কা নামটি হিব্রু উৎস থেকে এসেছে এবং এর অর্থ ‘সৃষ্টিকর্তা করুণাময়’ বলে আনজিকে জানিয়েছিলেন তার এক সহকর্মী। অপর সহকর্মী এই নামের অর্থ ‘সর্বোচ্চ সৌন্দর্য’ বলে দাবি করেছিলেন।  

নিজের কন্যার নাম ইভাঙ্কা রাখার পর আল আনজির ডাকনাম এখন আবু-ইভাঙ্কা (ইভাঙ্কার বাবা) হয়ে দাঁড়িয়েছে।

আল আনজির এক সাংবাদিক বন্ধু আরব নিউজকে জানিয়েছেন, তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ জানানোয় মেয়েরে এই নামটি রাখে সে, কারণ ‘চ্যালেঞ্জ থেকে সরে না আসাই সৌদিদের সংস্কৃতি’।

ট্রাম্পের নির্দেশে সিরিয়ার বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা ও তার প্রথম বিদেশ সফরের দেশ হিসেবে সৌদি আরবকে বেছে নেয়ায় আনজি ট্রাম্পের ওপর খুব সন্তুষ্ট বলে জানিয়েছেন। ইভাঙ্কার বাবার নেতৃত্ব তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানিয়েছেন আনজি।