২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিমশৈল দিয়ে পানির চাহিদা পূরণ করবে আরব আমিরাত

অ্যান্টার্কটিকা থেকে হিমশৈল উপকূলে টেনে এনে সুপেয় পানির চাহিদা পূরণের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 10:31 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

অ্যান্টার্কটিকা থেকে ফুজাইরাহ পূর্ব আমিরাত উপকূলে হিমশৈল টেনে এনে ওই অঞ্চলের জন্য বিশুদ্ধ পানির নতুন উৎসের ব্যবস্থা করার এ অভিনব পরিকল্পনা করেছে পরিবেশ কোম্পানি ‘দ্য ন্যাশনাল এডভাইজর ব্যুরো লিমিটেড’।

অ্যান্টার্কটিকার মূল ভূখন্ডের উপকূলের প্রায় ৬শ’ মাইলের মধ্যে অবস্থিত হেরাল্ড আইল্যান্ড থেকে আনা হবে বিশালাকার বরফের চাঁই। তারপর ৫ হাজার ৫শ’ মাইল পাড়ি দিয়ে এটিকে নিয়ে যাওয়া হবে ফুজাইরায়।

পরিবেশ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বরাত দিয়ে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ জানিয়েছে, প্রকল্পটির কাজ শুরু হতে পারে ২০১৮ সালের শুরুতেই। আর হিমশৈলটি টেনে আনতে সময় লাগতে পারে একবছর।

১০ লাখ মানুষের জন্য এই একটি হিমশৈল থেকেই ৫ বছরের বেশি সময় পর্যন্ত যথেষ্ট পানি পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানিটি। কারণ, গড়পড়তা একটি হিমশৈলতেই থাকে ২ হাজার কোটি গ্যালন পানি।

অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাত আগামী ২৫ বছরের মধ্যে খরার কবলে পড়ার মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিশ্বে পানি স্বল্পতা থাকা শীর্ষ ১০ দেশের মধ্যেও আছে সংযুক্ত আরব আমিরাত।

ফলে মূলত পানির জন্যই বরফের চাঁই টেনে আনার এ পরিকল্পনা। এর পাশাপাশি এটি পর্যটন এবং আবহাওয়ার জন্যও ভাল হবে বলে আশা করছেন পরিকল্পনাকারীরা।