২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বাহিনীর ভুল গুলিতে নিহত সোমালিয়ার মন্ত্রী!

সোমালিয়ায় জঙ্গি ভেবে নিরাপত্তা বাহিনীর ভুল করে চালানো গুলিতে গণপূর্ত মন্ত্রী আব্বাস আবদুল্লাহি শেখ সিরাজি নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 09:06 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

সোমলিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে গুলিতে সিরাজি নিহত হন।

মোগাদিসুর মেয়রের মুখপাত্র আবদিফাত্হ ওমর হালানে বলেছেন, “ভুলের কারণে আব্বাস নিহত হয়েছেন। তারা দুর্ঘটনাবশত তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। আল্লাহ তার আত্মার শান্তি বিধান করুক।”

পুলিশ কর্মকর্তা নূর হোসেন রয়টার্সকে জানান, নিরাপত্তা প্রহরীরা রাস্তায় একটি গাড়ি আটকে গুলি করে। জঙ্গিরা গাড়িটি চালাচ্ছিল বলে মনে করেছিল তারা।

সিরাজি সোমালিয়ার সবচেয়ে কম বয়সী এমপি ছিলেন। একটি শরণার্থী শিবিরে বেড়ে উঠেছিলেন তিনি। গত নভেম্বরে তিনি এমপি হন এবং ফেব্রুয়ারিতে মন্ত্রী হন।

আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-শাবাব সরকার পতনের লড়াইয়ে মোগাদিসুসহ বিভিন্ন জায়গায় প্রায়ই বোমা হামলা এবং হত্যাকাণ্ড চালিয়ে আসছে এবং তারা দেশটি থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী সেনাদেরও  তাড়িয়ে দিয়েছে।