২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে হারের জন্য এফবিআই, রাশিয়াকে দুষলেন হিলারি

ডোনাল্ড ট্রাম্পের কাছে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার দায় নিজের কাঁধে নিলেও রাশিয়ার হস্তক্ষেপ এবং অসময়ে গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক জেমস কমির চিঠি প্রত্যাশিত জয় বঞ্চিত করেছে বলে অভিযোগ করেছেন হিলারি ক্লিন্টন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 09:46 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

সিএনএন’কে হিলারি বলেন, “যদি ৮ নভেম্বরের পরিবর্তে ২৭ অক্টোবর নির্বাচন হত, তবে আমি হতাম আপনাদের প্রেসিডেন্ট।”

“যদিও নিশ্চিতভাবেই আমি আমার ব্যক্তিগত দায় গ্রহণ করছি। আমি একজন প্রার্থী ছিলাম। আমি ব্যালটে থাকা ব্যক্তিদের একজন ছিলাম। আমি প্রতিদ্বন্দ্বিতা, সমস্যা এবং আমাদের দুর্বলতা নিয়েও খুবই সজাগ ছিলাম।”

মঙ্গলবার এক নারী সম্মেলনে হিলারি আরও বলেন, “২৮ অক্টোবরের আগে আমি জয়ের পথেই ছিলাম। কিন্তু ওই দিন জিম কমির চিঠি ও রুশ উইকিলিকস যৌথভাবে জনগণের মনে সন্দেহের জন্ম দেয়। এ কারণে যারা আমাকে ভোট দেবে বলে মনস্থির করেছিল তারা ভয় পেয়ে যায়।”

ভোটের মাত্র ১১ দিন আগে পররাষ্টমন্ত্রী থাকাকালে হিলারির ইমেইল কাণ্ড নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দেয় ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন (এফবিআই)। ওই সময় ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে হিলারির পাঠানো আরও কিছু ইমেইল এফবিআই পরীক্ষা করে দেখবেন বলে জানান জেমস কমি।

যদিও মাত্র সপ্তাখানেক পর কমি নতুন করে শুরু করা তদন্তের সমাপ্তি ঘোষণা দেন এবং বলেন, ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে পাঠানো হিলারির ইমেইলগুলোর বেশিরভাগই ছিল ব্যক্তিগত বা এরই মধ্যে পরীক্ষা করা হয়েছে তেমন ইমেইলের নকল কপি।

হিলারির বিরুদ্ধে কোনও অপরাধ অভিযোগ দায়ের করা হবে না বলেও পুনরায় জানান এফবিআই পরিচালক।

হিলারির এ মন্তব্যের জবাবে রাতে ট্রাম্পের টুইট, “হিলারির জীবনে এখন পর্যন্ত ঘটা সবচেয়ে ভালো ঘটনা এফবিআই পরিচালক কমি। কারণ কমি তাকে অনেক খারাপ কাজের জন্য অবাধ সুযোগ করে দিয়েছে। আর ট্রাম্প/রাশিয়া মিথ্যা গল্প ডেমক্র্যাটরা নির্বাচনে নিজেদের হারের ক্ষতে মলম হিসেবে ব্যবহার করছে।”

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল কি-না এবং কি কারণে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে তিনি হিলারির ইমেইল পুনরায় পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন তার জবাবদিহিতার জন্য বুধবার কমিকে সিনেট কমিটির সামনে হাজির হতে হবে।