২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় শরণার্থী শিবিরে আইএস হামলায় নিহত ৩০

সিরিয়ার উত্তরপূর্বের ইরাক সীমান্ত এলাকায় একটি শরণার্থী শিবিরে ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 08:50 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

বিবিসি’র খবরে বলা হয়, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং কুর্দিপন্থি যোদ্ধারা রয়েছে।

হাসাকেহ প্রদেশের শাদ্দাদি শহরের রাজম আল-সালিবিতে ওই শরণার্থী শিবিরে যুদ্ধের হাত থেকে প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালানো সিরীয় এবং ইরাকিরা আশ্রয় নিয়েছিল।

আইএস এর পাঁচ আত্মঘাতী বোমা হামলাকারী ওই শরণার্থী শিবিরে হামলা চালায় বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ২১ জন বেসামরিক নাগরিক। হামলায় আরও ৩০ জন আহত হয়েছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক এই পর্যবেক্ষণ সংস্থা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বার্তা সংস্থা ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ৩৪ জন আহত হওয়ার খবর দিয়েছে।

কুর্দি নিউজ ওয়েবসাইট এএনএইচএ তে কুর্দি রেডক্রিসেন্ট ২২টি মৃতদেহ উদ্ধার করেছে বলে খবর প্রকাশ করেছে।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এর যোদ্ধারা আহত বেসামরিক নাগরিকদের হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে।

ইরাকের সংসদীয় মানবাধিকার কমিটির বরাত দিয়ে সিরিয়ার সরকারপন্থি আল-মায়াদ্বীন টেলিভিশনের খবরে হতাহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি বলা হয়।

সিরিয়ার ইরাক সীমান্তে এসডিএফ নিয়ন্ত্রিত এলাকায় গৃহহীন ও শরণার্থীদের জন্য কয়েকটি আশ্রয় শিবির গড়ে উঠেছে।

কুর্দি গণমাধ্যমে বলা হয়, বিক্ষিপ্তভাবে বেসামরিক মানুষের উপর হামলা চালিয়ে আইএস কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে।