২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল নিয়ে সুর নরম করছে হামাস

ইসরায়েল নিয়ে সুর নরম করার নতুন নীতি নিচ্ছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। ইসরায়েলকে ধ্বংসের আহ্বান আর জানাবে না তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 May 2017, 11:45 PM

Updated : 11 Apr 2022, 11:29 PM

একইসঙ্গে মিশরের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও হামাস আর সখ্যতা রাখবে না।

হামাসের নতুন এ নীতিমালা সোমবারই ঘোষণা করার কথা রয়েছে বলে জানিয়েছেন উপসাগরীয় আরব কর্মকর্তারা।

পশ্চিমা বিশ্ব, উপসাগরীয় আরব দেশগুলো এবং মিশরের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে হামাস এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমা অনেক দেশই সহিংসতা পরিহার করতে ব্যর্থতার জন্য হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে। অন্যদিকে, তারা ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেওয়াসহ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তির বিষয়টিকেও স্বীকার করে নিয়েছে।

উপসাগরীয় আরব কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, সোমবার হামাস নতুন যে নথি প্রকাশ করছে তাতে এখনও ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করা হয়নি এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াইকে সমর্থন করা হয়েছে।

তাছাড়া, নতুন নীতিমালায় হামাসের ১৯৮৮ সালের সনদে কোনও পরিবর্তন আদৌ ঘটানো হয়েছে কিনা সেটিও স্পষ্ট নয়। ওই সনদে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

ইসরায়েল হামাসের নতুন নীতি নেওয়ার পদক্ষেপকে বিশ্বকে ধোঁকা দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ডেভিড কেইয়েস বলেছেন, “হামাস বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এ চেষ্টা সফল হবে না।”