জম্মু ও কাশ্মিরে সেনাকর্মকর্তা ও বিএসএফ জওয়ান নিহত
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ান নিহত হয়েছে।
সোমবার কাশ্মিরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার ওপর থেকে পাকিস্তানি বাহিনীর নিক্ষেপ করা রকেটের আঘাতে তারা নিহত হয় বলে জানিয়েছে এনডিটিভি।
সকাল সাড়ে ৮টার দিক থেকে পাকিস্তানি বাহিনী জেলার কৃষ্ণা ঘটি সেক্টর এলাকায় বিএসএফের একটি পোস্ট লক্ষ্য করে ব্যাপক গোলাগুলি ও রকেট নিক্ষেপ শুরু করে। এতে ওই দুজন নিহত হওয়া ছাড়াও বিএসএফর এক হেড কনস্টেবল ও সেনাবাহিনীর এক জেসিও গুরুতর আহত হয় বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা।
সীমান্ত রক্ষায় নিয়োজিত ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয় বলে জানান ওই কর্মকর্তা।
পাকিস্তানিরা গত মাসে পুঞ্চ ও রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সাতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
