২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন জাহাজ রক্ষায় জাপানের বৃহত্তম যুদ্ধজাহাজ

নিজেদের জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি সরবরাহকারী জাহাজের নিরাপত্তায় নিজেদের বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েন করেছে জাপান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2017, 02:08 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

নিজেদের সামরিক বাহিনীর ভূমিকা বাড়ানোর আইন পাস করার পর এই প্রথম নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়ে নিজেদের বৃহত্তম জাহাজ পাঠালো দেশটি, জানিয়েছে বিবিসি।

ইজুমো নামের হেলিকপ্টার বহনকারী জাপানি রণতরীটি যুক্তরাষ্ট্রের সরবরাহকারী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এই সরবরাহকারী জাহাজটি ওই এলাকায় মোতায়েন যুক্তরাষ্ট্রের নৌবহরের জন্য জ্বালানি বহন করছে। যুক্তরাষ্ট্রের ওই নৌবহরে বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের বহরটিও রয়েছে।

কার্ল ভিনসন ও দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে যাওয়া যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এই নিয়ে সৃষ্ট উত্তেজনা ক্রমাগত বাড়ছে।

টোকিও থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, ইজুমো রণতরীটি জাপানি নৌবাহিনীর অহংকার, আর এ পর্যন্ত এটিই তাদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।

২৪৯ মিটার দীর্ঘ ইজুমো একসঙ্গে নয়টি হেলিকপ্টার বহন করতে পারে। এটি যুক্তরাষ্ট্রের উভচর রণতরীর মতো একই ধরনের বলে জানিয়েছে জাপান টাইমস।

বার্তা সংস্থা কিয়োদো জানিয়েছিল, টোকিওর দক্ষিণের নৌঘাঁটি ইয়োকোসুকা থেকে রণতরীটি রওয়ানা হয়ে যুক্তরাষ্ট্রের জাহাজটির দিকে এগিয়ে যাচ্ছে, শিকোকু উপকূলের জলসীমায় যুক্তরাষ্ট্রের জাহাজটিকে সঙ্গ দিবে জাপানি রণতরীটি। 

জাপানের আধুনিক ও শক্তিশালী সামরিক বাহিনীর যা করার অনুমতি আছে প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে ধাপে ধাপে তার সীমা বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। কোরীয় উপদ্বীপের উত্তেজনাকর পরিস্থিতিকে ব্যবহার করে আবে প্রথম বারের মতো তাদের নতুন আইনকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছেন বলে পর্যবেক্ষকদের ধারণা।