ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহের বিরুদ্ধে নারী আলেমদের ফতোয়া
ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন দেশটির নারী আলেমরা।
বিবিসি জানায়, নারী আলেমদের তিন দিনের সম্মেলন শেষে এই ফতোয়া জারি করা হয়।
যদিও এর আইনী বাধ্যবাধকতা নেই, তবে এটা সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
নারী আলেমরা সরকারের কাছে বিয়ের সর্বনিম্ন বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ করার আহ্বানও জানিয়েছেন।
মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, ইন্দোনেশিয়ায় প্রতি চারজন নারীর মধ্যে একজনের বয়স ১৮ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়।
জাভা দ্বীপের কিরেবোনে অনুষ্ঠিত ওই সম্মেলনটি দেশটিতে নারী আলেমদের প্রথম বড় কোনো সম্মেলন।
সম্মেলনের আয়োজক নিনিক রাহায়ু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “বাল্যবিবাহের কারণে একজন নারীকে কি ধরণের সমস্যা ও বাধার সম্মুখীন হতে হয় তা নারী আলেমরা জানেন। এই সব শিশুদের রক্ষা শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি।”
নারী নেতারা বলেন, ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহের পর অধিকাংশ ক্ষেত্রে নারীদের আর লেখাপড়া করতে দেওয়া হয় না। ওই সব বিয়ের অর্ধেকই শেষ হয় বিচ্ছেদে।
