২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ধনকুবের বিজয় মাল্য যুক্তরাজ্যে গ্রেপ্তার

ঋণ খেলাপি ভারতীয় ধনকুবের ব্যবসায়ী বিজয় মাল্যকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2017, 08:43 PM

Updated : 11 Apr 2022, 11:25 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রতারণার অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধে মঙ্গলবার লন্ডন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

লন্ডন মেট্রোপলিটন  পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “প্রতারণার অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষের হয়ে ৬১ বছরের মাল্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিনের শেষভাগে তাকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা রয়েছে।” সেখানেই তাকে ভারতের হাতে প্রত্যর্পণের বিষয়টি নির্ধারিত হওয়ার কথা।

বিজয়ের আইনজীবীর বরাত দিয়ে ভারতের কয়েকটি টেলিভিশন চ্যানেলে এরই মধ্যে তার জামিন পাওয়ার খবর প্রচার করা হয়েছে। তবে রয়টার্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়নি।

ওদিকে টুইটারে এ বিষয়ে বিজয় লেখেন, “বহিঃসমর্পণের বিষয়ে আজ আদালতের শুনানি প্রত্যাশিতই ছিল।”এ নিয়ে গণমাধ্যমের খবরকে তিনি ‘ভারতের গণমাধ্যমের চিরাচরিত বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেন।

খেলাপি ঋণ উদ্ধারের জন্য গতবছর মার্চে ব্যাংকের পক্ষ থেকে ভারতের বেসরকারি বিমান কোম্পানি কিংফিশারের মালিক বিজয় মাল্যের বিরুদ্ধে মামলা করা হয়।  তারপর তিনি লন্ডন চলে যান।

জানুয়ারিতে সিবিআই কোর্ট বিজয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিজয়ের খেলাপি ঋণের পরিমাণ ১৪০ কোটি মার্কিন ডলার। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ ৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

যদিও বিজয় বরাবরই টুইটারে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ২৮ জানুয়ারি এক টুইটে তিনি বলেন, “এক রুপিও অপব্যয় করা হয়নি।”

তবে বিজয়কে দেশে ফিরিয়ে আনতে গেলে ভারতীয় কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ দেখাতে হবে।

লন্ডনের আইনজীবী অ্যান্ড্রু স্মিথ বলেন, “সাধারণত আদালত কাউকে বহিঃসমর্পণের সময় তার বিরুদ্ধে অপরাধের যথেষ্ট প্রমাণ আছে কিনা তা যাচাই করে।”

আইন বিশেষজ্ঞরা বলেন, বিজয়ের বিরুদ্ধে মাত্র এক বছর আগে মামলা হয়েছে। এক্ষেত্রে যদি তার আইনজীবীরা আদালতে এটি বোঝাতে সক্ষম হয় যে, তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই মামলা করা হয়েছে তবে আদালতের রায় বিজয়ের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি।