২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প সমর্থক-বিরোধীদের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Apr 2017, 06:54 PM

Updated : 11 Apr 2022, 11:24 PM

শনিবার প্যাট্রিয়ট ডে ফ্রি স্পিচ র‌্যালি উপলক্ষে  ক্যালিফোর্নিয়ার বার্কলে পার্কে ট্রাম্প সমর্থকরা সমাবেশের আয়োজন করে। তাদের পাল্টা পদক্ষেপে ট্রাম্প বিরোধীরাও সেখানে সমাবেশের ঘোষণা দেয়।

মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুইপক্ষকে আলাদা রাখে পুলিশ।

এরপরও উভয়পক্ষ পরষ্পরের দিকে বোতল ও ক্যান ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। তাদের পেপার স্প্রে ব্যবহার করতেও দেখা যায়।

উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা বিস্ফোরণ ঘটায়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কারও আঘাতই গুরুতর নয়। এদিন পার্কে পাঁচশ থেকে এক হাজার মানুষ জড় হয়েছিল।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমে অন্তত ১১ জন আহত হওয়ার কথা বলা হয়েছে।

এদিন ট্রাম্প বিরোধীদের বেশিরভাগই কালো পোশাক এবং মুখে মুখোশ পরেছিল।

‌সমাবেশে সংঘর্ষের আশঙ্কায় কাছের একটি সাপ্তাহিক কৃষি বাজার এদিন বন্ধ রাখা হয়।