২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় উদ্বাস্তুদের বাসবহরে হামলায় নিহত শতাধিক

দুই বছরেরও বেশি সময় ধরে বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ উত্তর সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত দুটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সময় তাদের বহনকারী বাসবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2017, 10:20 PM

Updated : 11 Oct 2022, 01:48 PM

সিরিয়ায় বিদ্রোহী ও সরকার পক্ষের মধ্যে অবরুদ্ধ এলাকার বাসিন্দাদের  সরিয়ে নেওয়ার চুক্তির আওতায় আলেপ্পোর নিকটবর্তী দুটি শিয়া অধ্যুষিত গ্রাম থেকে এদের সরিয়ে নেওয়া হচ্ছিল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট।

সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোতে সরিয়ে নেওয়ার আগে শনিবার বিকালে একটি ট্রানজিট পয়েন্টে বিদ্রোহীদের পাহারায় গ্রামদুটির বাসিন্দারা বাস ছাড়ার অনুমতির অপেক্ষায় থাকার সময় হামলাটি চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘটনাস্থলে নিহতদের ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ দেখানো হয়েছে। পুড়ে যাওয়া বাসগুলো যাত্রীদের মালামাল দিয়ে ঠাসা ছিল। সন্ধ্যার আগে রাস্তায় ব্যাগে ভরা মৃতদেহগুলো লাইন দিয়ে রেখে দেওয়া হয়েছে।

শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর ফৌয়া থেকে অবরুদ্ধ ওই বাসিন্দাদের নিয়ে বাসগুলো রওনা হয়েছিল। বাসগুলোর যাত্রীরা দুই বছরেরও বেশি সময় ধরে উগ্রপন্থি বিদ্রোহীদের অবরোধের মধ্যে ছিল। আতঙ্কের মধ্যে বসবাস করা এসব মানুষের পর্যাপ্ত খাবার ও ওষুধও ছিল না।

উদ্ধারকারী গোষ্ঠী হোয়াইট হেলমেট জানিয়েছে, তাদের স্বেচ্ছাসেবীরা বাসগুলোর ধ্বংসস্তূপ থেকে শতাধিক লাশ উদ্ধার করেছে। গোষ্ঠীটি আরও ৫৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অপরদিকে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহতের সংখ্যা অন্তত ১১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি।

ইরান ও কাতারের মধ্যস্থতায় সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তির আওতায় ৩০ হাজার অবরুদ্ধ সিরীয়কে সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার মধ্যে বিনিময় করার কথা রয়েছে। এই হামলা, জটিল এই পরিকল্পনা বাস্তবায়নে বিদ্যমান ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছে।

বোমা হামলার আগে চুক্তি স্থগিত হয়ে গিয়েছিল। এতে আলেপ্পোর শহরতলীর দুটি ট্রানজিট পয়েন্টে সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ ও বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ উভয় এলাকার হাজার হাজার মানুষ আটকা পড়ে গিয়েছিল।

পরে শনিবার রাতে চুক্তি বাস্তবায়ন আবার শুরু হলে ওই দুটি ট্রানজিট পয়েন্টে অবরুদ্ধ বাসিন্দাদের নিয়ে বাসগুলো ফের নিজ নিজ গন্তব্যের পথে এগোতে শুরু করে, জানিয়েছে সিরিয়ার সরকারপন্থি গণমাধ্যম ও অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।