ভারতে সাগরে ডুবে ৮ প্রকৌশল শিক্ষার্থীর মৃত্যু
ভারতের কর্নাটক রাজ্যের বেলগাম জেলার প্রকৌশলের আট শিক্ষার্থী পিকনিকে গিয়ে মহারাষ্ট্র রাজ্যের সিন্ধুদুর্গ জেলার উপকূলে সাগরে ডুবে মারা গেছে।
শনিবারের এ ঘটনায় অপর তিন শিক্ষার্থীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, জানিয়েছে এনডিটিভি।
উদ্ধার পাওয়া শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বেলগামের মারাঠা প্রকৌশল কলেজের ৫০ জন শিক্ষার্থীর একটি দল সিন্ধুদুর্গের ওয়েইরি বিচ এলাকায় পিকনিক করতে যায়। তাদের মধ্যে কিছু শিক্ষার্থী স্থানীয়দের নিষেধ সত্বেও ভাটার টানের মধ্যে সাগরে নামে। পরে প্রবল স্রোতে তারা ভেসে যায়।
জেলেরা তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। অপর আটজনের মৃতদেহ পরে উদ্ধার করা হয়। এই আটজনের মধ্যে দুজন নারী শিক্ষার্থী রয়েছে।
সিন্ধুদুর্গ পুলিশ কন্ট্রোল কর্মকর্তা রাভিন্দ্র গিরকার জানিয়েছেন, উদ্ধার পাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।
