জেরুজালেমে ছুরিকাঘাতে ব্রিটিশ নারী নিহত
জেরুজালেমে ছুরিকাঘাতে এক ব্রিটিশ নারী পর্যটক নিহত হয়েছেন। তার বয়স ২০ এর কোঠায় বলে জানিয়েছে পুলিশ।
ইসরায়েলের পুলিশ জানায়, শুক্রবার বিকালে জাহেল স্কয়ারে একটি ট্রামে ভ্রমণ করার সময় ওই নারী ছুরি হামলার শিকার হন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের ইসরায়েলি দূতাবাস নিহত নারীর ব্রিটিশ পরিচয় নিশ্চিত করেছে।
হামলায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীকে ৫৭ বছর বয়সী এক ফিলিস্তিনি বলে সনাক্ত করেছেন এবং তার নাম জামিল তামিমি বলে জানিয়েছেন।
পুলিশ বলছে, তামিমি পূর্ব জেরুজালেমের রাস আল-আমুদ এর অধিবাসী। সম্প্রতি তিনি মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
ছুরি হামলায় ৩০ বছর বয়সী আরেক গর্ভবতী নারী ছাড়াও ৫০ বছর বয়সী আরেকজন আহত হয়েছেন।
