২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মদিনকে ঘিরে চাপা উত্তেজনা

দুই দিন পর রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন করবে উত্তর কোরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2017, 11:48 AM

Updated : 11 Oct 2022, 01:48 PM

শনিবারের ওই ‘বড় ও গুরুত্বপূর্ণ’ রাষ্ট্রীয় আয়োজনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে জড়ো হয়েছে বহু বিদেশি সাংবাদিক।

রাষ্ট্রের প্রতিষ্ঠাতার জন্মদিনকে ঘিরে উত্তর কোরিয়ার নতুন একটি অস্ত্র পরীক্ষা করার জোরালো সম্ভাবনা আছে।

ধারণা করা হচ্ছে, এই সময়ে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে। অপরদিকে এমন কিছু হলে তা নস্যাৎ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই সম্ভাবনাকে সামনে রেখে কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বহর। জাপানি যুদ্ধজাহাজও যুক্তরাষ্ট্রের এই বহরের সঙ্গে যোগ দিবে বলে ঘোষণা এসেছে।

এই নিয়ে কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের অঞ্চলে চাপা উত্তেজনা বিরাজ করছে।

২০১২ সালে সাংয়ের জন্মদিন উপলক্ষ্যে উপগ্রহবাহী দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। গত বছর নতুন করে তৈরি করা মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল।    

 দেশটির জাতীয় দিবসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘সূর্যের দিন’ উদযাপনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে প্রায় বিচ্ছিন্ন এই দেশটিতে ২০০ জনের মতো বিদেশি সাংবাদিক উপস্থিত হয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ ওই দিনটিতে কী হতে যাচ্ছে তার বিস্তারিত তাদের জানাননি দেশটির কর্মকর্তারা।

Image
উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা। রয়টার্স

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা। রয়টার্স

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর ‘নজর রাখা হচ্ছে’ এবং দেশটির নতুন কোনো অস্ত্র পরীক্ষা মেনে নেবেন না তিনি।

অস্ট্রেলিয়ার একটি বন্দরে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে বিমানবাহী রণতরী সমৃদ্ধ কার্ল ভিনসন স্টাইক গ্রুপকে কোরীয় উপদ্বীপের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শক্তি প্রদর্শনের মাধ্যমে অন্য কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখাই এর উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, নয়দিনের মধ্যেই বিমানবাহী রণতরী বহরটি ওই অঞ্চলে পৌঁছে যাবে।

অপরদিকে মঙ্গলবার উত্তর কোরিয়া বলেছে, মার্কিন আগ্রাসনের কোনো লক্ষণ দেখা গেলে যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানো হবে।

Image
কোরীয় উপদ্বীপের দিকে রওনা হওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। রয়টার্স

কোরীয় উপদ্বীপের দিকে রওনা হওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। রয়টার্স

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ায় এবং কোনো শান্তিচুক্তি না হওয়ায় খাতাকলমে উত্তর কোরিয়ার সঙ্গে এখনও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে।

এসব পরিস্থিতিকে ঘিরে কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখি। এ পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমণের আহ্বান জানিয়েছে চীন। 

বিষয়টি নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার টেলিফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে তাদের আলোচনাকে ‘খুব ভালো’ বলে উল্লেখ করলেও দারকার হলে চীনকে ছাড়াই সংকট সামাল দেয়ার জন্য যুক্তরাষ্ট্র তৈরি আছে বলে মন্তব্য করেছেন।