২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করবেন না ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে এক যাত্রীকে টেনেহিঁচড়ে নামানোর ঘটনায় ‘লজ্জা ও অস্বস্তিবোধ’ করলেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির প্রধান নির্বাহী অস্কার মুনোজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 10:58 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

ভবিষ্যতে আর কখনও এ ধরনের ঘটনা ঘটবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত রোববার সন্ধ্যায় শিকাগো বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে লুইসভিলের উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজের আসন থেকে ডেভিড দাও নামে চীনা বংশোদ্ভূত এক মার্কিন চিকিৎসককে তিন নিরাপত্তারক্ষী টেনেহিঁচড়ে নামিয়ে আনে।

সেখানে থাকা অন্য যাত্রীরা ওই ঘটনার  ভিডিও মোবাইলে ধারণ করেন।

টুইটারে সেই ভিডিও পোস্ট করে জয়েস ডি আনসপাচ নামের একজন লিখেছেন, ফ্লাইটে যাত্রী নেওয়া হয়েছিল আসনের চেয়ে বেশি। আর ইউনাইটেডের চার কর্মীর পরদিন কাজে যোগ দেওয়ার জন্য যাওয়ার প্রয়োজনছিল। তারা চাইছিল, যাত্রীদের মধ্যে চারজন যেন স্বেচ্ছায় নেমে যান।

“কিন্তু কেউ নিজে থেকে নেমে যেতে রাজি না হওয়ায় তারা আমাদের বেছে নেয়। তারা একজন এশীয় চিকিৎসক ও তার স্ত্রীকেও নেমে যেতে বলে। কিন্তু ওই চিকিৎসকের পরদিন হাসপাতালে ডিউটি। তাই তিনিওআপত্তি করেন।

“দশ মিনিট পর ওই চিকিৎসককে রক্তাক্ত অবস্থায় উড়োজাহাজ থেকে বেরিয়ে যেতে দেখা যায়, তিনি বার বার বলছিলেন, ‘আমার বাড়ি যেতে হবে’।”

মুনোজ বলেন, ডেভিড দাও এর কাছে ‘অবশ্যই ক্ষমা প্রার্থনা করা উচিত’। বুধবার সকালে এবিসি টেলিভিশনে তিনি বলেন, “ওই লজ্জা ও অস্বস্তি আমার এবং আমাদের পরিবারের অনেকের জন্য খুবই স্পষ্ট।”

কিন্তু এজন্য পদত্যাগ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, আমাকে ইউনাইটেডের উন্নতির জন্য নিয়োগ করা হয়েছিল এবং আমরা সেটাই করছি। এ কারণে আমি আমার কাজ চালিয়ে যাব। ভবিষ্যতে ইউনাইটেডের ফ্লাইটে এমন আর কখনও হবে না।”

ভবিষ্যতে আবারও আসনের তুলনায় যাত্রী বেশি হয়ে গেলে এবং কোম্পানির প্রস্তাবিত ক্ষতিপূরণ নিয়ে কোনো যাত্রী যদি স্বেচ্ছায় আসন ছেড়ে না দেয় তবে ইউনাইটেড এয়ারলাইন্স কি করবে এমন প্রশ্নের জবাবে মুনোজ বলেন, “সেক্ষেত্রে আমরা আর নিরাপত্তাকর্মীদের যাত্রীদের নামিয়ে আনতে পাঠাব না। টিকিট কেটে ফেলার পর কোনও যাত্রীর সঙ্গে আমরা এমনটা করতে পারি না।”

দাও এর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর চীনের অনেক ইন্টারনেট ব্যবহারকারী বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা চীনাদের ইউনাইটেড এয়ারলাইন্স বয়কট করার আহ্বান জানায়।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স বয়কটের ডাক চীনাদের
যুক্তরাষ্ট্রে ফ্লাইট থেকে টেনে-হিঁচড়ে নামানো হল যাত্রীকে