২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স বয়কটের ডাক চীনাদের

ইউনাইটেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে চীনা বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে টেনে-হিঁচড়ে নামানোর ঘটনা ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের ওই বিমান পরিবহন সংস্থাটিকে বয়কট করার আহ্বান জানিয়েছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2017, 09:58 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, তিনজন নিরাপত্তারক্ষী এক যাত্রীকে জোর করে তার আসন থেকে তুলে নিয়ে দুই সারি আসনের মাঝ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। অন্য যাত্রীরা ওই ভিডিও মোবাইলে ধারণ করেন।

টুইটারে ওই ভিডিও পোস্ট করে জয়েস ডি আনসপাচ নামের একজন লিখেছেন, ফ্লাইটে যাত্রী নেওয়া হয়েছিল আসনের চেয়ে বেশি। আর ইউনাইটেডের চার কর্মীর পরদিন কাজে যোগ দেওয়ার জন্য যাওয়ার প্রয়োজন ছিল। তারা চাইছিল, যাত্রীদের মধ্যে চারজন যেন স্বেচ্ছায় নেমে যান।

“কিন্তু কেউ নিজে থেকে নেমে যেতে রাজি না হওয়ায় তারা আমাদের বেছে নেয়। তারা একজন এশীয় চিকিৎসক ও তার স্ত্রীকেও নেমে যেতে বলে। কিন্তু ওই চিকিৎসকের পরদিন হাসপাতালে ডিউটি। তাই তিনিও আপত্তি করেন।

“দশ মিনিট পর ওই চিকিৎসককে রক্তাক্ত অবস্থায় উড়োজাহাজ থেকে বেরিয়ে যেতে দেখা যায়, তিনি বার বার বলছিলেন, ‘আমার বাড়ি যেতে হবে’।”

অড্রা ডি ব্রিজেস নামের আরেক যাত্রী ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “তারা ইচ্ছেমত যাত্রীদের বাছাই করে নিল, যাতে তাদের বের করে দিয়ে নিজেদের কর্মীদের বসাতে পারে। ওই লোকটা একজন ডাক্তার, কাল সকালে তা হাসপাতালে ডিউটিতে থাকার কথা। তাই সে যেতে চাইছিল না।”

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার রাজনৈতিক গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যেতে পারে আশঙ্কায় টুইটার, ফেইসবুক বা গুগলের মত ওয়েবসাইটকে প্রবেশের অনুমতি দেয়নি।

চীনের নাগরিকরা সিনা উইবো নামে একটি ওয়েবসাইট ব্যবহার করেন।

সেখানেই রোববার ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ১২ কোটির বেশি মানুষ ওই ভিডিও দেখেছে এবং প্রায় ৮০ হাজার মানুষ কমেন্ট করেছে।

একজন মন্তব্য করেন, "নিলর্জ্জ! আমরা তাদের ক্ষমা করব না। বিশ্বজুড়ে যত চীনা আছেন, দয়াকরে ইউনাইটেড এয়ারলাইন্সকে বয়কট করুন।"

অন্য একজন লেখেন, "এশীয়দের সঙ্গে বৈষম্যমূলক আচরণের ইতিহাস অনেক দীর্ঘ। আশা করি চীনের লোকজন এই বাস্তবতা অনুধাবন করবেন এবং দেশীয় পণ্য সমর্থন করবেন।"

"যারা আমাদের ছোট মনে করে তাদের রসদ যোগাবেন না", মন্তব্য অন্য একজনের।

ইউনাইটেড এয়ারলাইন্স এর দাবি, চীনের সবচেয়ে বেশি শহর থেকে তাদের সবচেয়ে বেশি চীন-যুক্তরাষ্ট্র বিরতিহীন ফ্লাইট রয়েছে।

শিকাগোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ওই ঘটনায় যে তিন নিরাপত্তা কর্মী জড়িত ছিলেন, তাদের প্রত্যাহার করা হয়েছে। ওই ঘটনা তদন্ত করেও দেখা হবে।