তাইওয়ানে কুকুর-বিড়াল খাওয়া বন্ধ করতে আইন পাস
মানুষের খাওয়ার জন্য কুকুর ও বিড়াল হত্যা করা নিষিদ্ধ করে আইন পাস করেছে তাইওয়ানের পার্লামেন্ট।
বিবিসি জানিয়েছে, আইনে পরিণত হওয়া বিলটিতে ভ্রমণে যাওয়ার সময় গাড়ি অথবা মোটরসাইকেলের পাশে আরেকটি ছোট বাহনে পোষাপ্রাণীদের বহন করে টেনে নিয়ে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
আইন ভেঙে ধরা পড়লে বড় অঙ্কের জরিমান গুণতে হবে অথবা দুই বছরেরও বেশি সময় কারাবাসের দণ্ড ভোগ করতে হবে, পাশাপাশি আইনভঙ্গকারীর ছবি ও নাম জনসম্মুখে প্রকাশ করা হবে।
দেশটির প্রাণীরক্ষা আইনগুলোর উন্নয়নের জন্য এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রাণীরক্ষায় তাইওয়ানের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে মঙ্গলবারের এসব সংশোধনীগুলোকে মাইলফলক বলে অভিহিত করেছে প্রাণীরক্ষা আন্দোলনকারী গোষ্ঠীগুলো। এশিয়ার মধ্যে এ ধরনের আইন এটিই প্রথম বলে জানিয়েছে বিবিসি।
২০০১ সালে কুকুর ও বেড়ালের মতো পোষাপ্রাণীদের মাংস ও লোমসহ চামড়া বিক্রি নিষিদ্ধ করে আইন পাস করে তাইওয়ান।
একসময় দ্বীপটির লোকজন নিয়মিত কুকুরের মাংস খেত, কিন্তু এখন এই প্রাণীটিকে পরিবারের একজন সদস্য হিসেবে বিবেচনা করা হয়।
