স্টকহোমে ট্রাক হামলাকারীর অপরাধ স্বীকার
সুইডেনের রাজধানী স্টকহোমে ডিপার্টমেন্ট স্টোরে ট্রাক ঢুকিয়ে চারজনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসাবে আটক উজবেক নাগরিক রাখমাত আকিলভ সন্ত্রাসের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
৩৯ বছর বয়স্ক আকিলভ আদালতে হামলার দায় স্বীকার করেন। তাকে হাতকড়া পরিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়। এরপর আদালতে রুদ্ধদ্বার অধিবেশনে শুনানি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি।
গত শুক্রবার ছিনতাই হওয়া বিয়ার বহনকারী একটি লরি স্টকহোমের ড্রনিংয়েটেন (কুইন স্ট্রিটে) ব্যস্ত বিপণীবিতান এলাকায় ভিড়ের ওপর দিয়ে একটি ডিপার্টমেন্ট স্টোরের জানালা ভেঙে ঢুকে পড়লে চারজন নিহত ও ১৫ জন আহত হয়।
হামলার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরই স্টকহোমের উত্তরাঞ্চলীয় একটি শহরতলী থেকে ট্রাক চালক হিসাবে সনাক্ত করার পর উজবেক নাগরিক আকিলভকে গ্রেপ্তার করে পুলিশ।
সুইডিশ পুলিশ বলেছে, নিরাপত্তা বিভাগ আকিলভকে চিনত। সুইডেনে তার বসবাসের আবেদন নাকচ হয়েছিল এবং তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর সমর্থক।
কয়েকটি খবরে বলা হয়েছে, আকিলভ উজবেকিস্তানে তার স্ত্রী এবং চার শিশু সন্তানকে রেখে এসেছিলেন সুইডেনে আয় করে তাদেরকে অর্থ পাঠানোর আশায়।
২০১৪ সালে তিনি সুইডেনে বসবাসের আবেদন করার পর তা নাকচ হয়। ২০১৬ সালের ডিসেম্বরে তাকে সুইডেন ছাড়ার জন্য চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা জোনাস হাইসিং।
এরপর থেকেই আকিলভ উধাও ছিলেন এবং পরে ওয়ান্টেড তালিকায় তার নাম ওঠে।
নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, আকিলভ আইএসসহ উগ্রপন্থি সংগঠনগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন। তবে তাকে কখনও হুমকি হিসাবে দেখা হয়নি।
