২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া-রাশিয়া প্রশ্নে একজোট হওয়ার চেষ্টায় জি-৭

ইদলিবে রাসায়নিক হামলার পর সিরিয়ায় সংঘাত এবং রাশিয়ার প্রশ্নে একজোট হওয়ার চেষ্টায় আছে জি-৭ ভুক্ত দেশগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 10:13 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

ইতালিতে সোমবার জি-৭ ভুক্ত দেশগুলোর দুদিনের সম্মেলন শুরু হয়েছে। আলোচনায় প্রাধান্য পাচ্ছে সিরিয়া যুদ্ধ এবং রাশিয়া প্রসঙ্গ।

বিবিসি’র খবরে বলা হয়েছে, সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগের পথ খুঁজবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

তিনি সাংবাদিকদের বলেন, আসাদকে অবিরাম সমর্থন দেওয়ার কারণে রাশিয়ার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। মস্কো আসাদকে সমর্থন দিতে থাকলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে।

অন্যদিকে, সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি কি সে সম্পর্কেও সম্মেলনে মিত্রদেশগুলো একটি পরিষ্কার বক্তব্য চাইবে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি সিরিয়া নিয়ে মিশ্র ইঙ্গিত দিয়েছেন। প্রথমে আসাদকে উৎখাত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয় বলে পরবর্তীতে ফের আসাদকে ক্ষমতাচ্যুত করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, কানাডা এবং জাপান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রেক্স টিলারসনের কাছ থেকে এটিই পরিষ্কার করে জানতে চাইবে যে, যুক্তরাষ্ট্র এখনও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে প্রতিশ্রুতিব্ধ আছে কি না।

 সিরিয়া বিষয়ে রাশিয়ার অবস্থান নিয়ে রোববার কঠোর সমালোচনা করেছেন রেক্স টিলারসন। তিনি বলেন, রাশিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শেইখৌন শহরে সিরীয় সেনাবাহিনীর রাসায়নিক হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। গত বুধবারের ওই হামালায় শিশুসহ ৮৯ জন নিহত হয়।

ওই রাসায়নিক হামলার ‘জবাব দিতেই’ শুক্রবার সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে এও বলেছেন, সিরীয় বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার পরও সিরিয়া বিষয়ে ‘যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনও পরিবর্তন হবে না’ এবং ওয়াশিংটন ‘অগ্রাধিকার ভিত্তিতে’ সিরিয়ায় অবস্থিত ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করবে।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ভুক্ত দেশগুলো হচ্ছে: যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, এবং যুক্তরাজ্য। আসাদের বিরুদ্ধে একজোট হতে ইতালি এই সাত দেশের সঙ্গে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং কাতারকেও মঙ্গলবার সম্মেলনে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। এ দেশগুলোর প্রত্যেকটিই আসাদের শাসনের বিরোধী।