২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের বোমা হামলার শিকার যুক্তরাষ্ট্রপন্থি সিরীয় বিদ্রোহীরা

ইরাকি সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সিরীয় বিদ্রোহীদের লক্ষ্য করে জোড়া আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2017, 01:00 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

দুটি হামলা ও পরে দুপক্ষের লড়াইয়ে অন্তত ১২ জন নিহত ও অনেকে আহত হয়েছে বলে রোববার জানিয়েছে বিদ্রোহীদের সূত্রগুলো।

নিহতদের মধ্যে আইএসের আট যোদ্ধা ও বিদ্রোহী পক্ষের চার যোদ্ধা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, মধ্যরাতে তানফ সীমান্ত ক্রসিংয়ের নিকটবর্তী যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী অসৌদ আল শারকিয়ার একটি সুরক্ষিত ঘাঁটির প্রবেশ পথে অন্তত একটি বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিদ্রোহীদের মধ্যে অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

তানফের আরো দক্ষিণ-পশ্চিমে রুকবান শরণার্থী শিবিরের কাছে একই বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের একটি বহরে অপর হামলাটি চালানো হয়। ওই এলাকায় তাদের একটি চৌকিতে যাওয়ার সময় আত্মঘাতী হামলার শিকার হয় অসৌদ আল শারকিয়ার যোদ্ধারা। চোরাগোপ্তা এ হামলায় বহরের দুই যোদ্ধা নিহত হয়। 

অসৌদ আল শারকিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ সূত্র বলেছে, “তানফে আইএস একটি আত্মঘাতী হামলা চালিয়েছে এবং সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমাদের পক্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তারা আমাদের বহরেও হামলা চালিয়েছিল কিন্তু তা সফল হয়নি এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।” 

আইএসের মুখপত্র বার্তা সংস্থা আমাক জানিয়েছে, তানফের কাছে তাদের যোদ্ধারা ‘আমেরিকা সমর্থিত সিরীয় গোষ্ঠীর অবস্থানে’ দুটি আত্মঘাতী হামলা চালিয়েছে। তবে বিস্তারিক আর কিছু জানায়নি।

জঙ্গিরা হামলা চালিয়েই পালিয়ে যায়ে এবং তাদের খুঁজে বের করতে শুরু করা অভিযানে যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমানগুলো অংশ নেয় বলে জানিয়েছেন অসৌদ আল শারকিয়ার এক কমান্ডার। তদের খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। 

পেন্টাগন জানিয়েছে, আইএসের ২০ থেকে ৩০ জন জঙ্গি এই হামলা দুটোয় জড়িত ছিল, তাদের অনেকে আত্মঘাতী ভেস্ট পরা ছিল।