২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টকহোমে আটক উজবেকের আশ্রয়ের আবেদন নাকচ হয়েছিল

সুইডেনের রাজধানী স্টকহোমে লরি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক উজবেক নাগরিকের আশ্রয়ের আবেদন নাকচ হয়েছিল এবং  তিনি চরমপন্থার সমর্থক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 10:32 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

গত শুক্রবার স্টকহোমের একটি ব্যস্ত বিপণীবিতান এলাকায় ভিড়ের ওপর লরি চালিয়ে দিয়ে একটি ডিপার্টমেন্ট স্টোরে ঢুকে পড়ার ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৯ বছরের ওই উজবেক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জোনাস হাইসিং বলেন, ২০১৪ সালে তিনি আশ্রয়ের আবেদন করেছিলেন। গত বছর জুনে তার আবেদন বাতিল করে দেওয়া হয় এবং ডিসেম্বরে তাকে সুইডেন ত্যাগ করার জন্য চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল।

“তারপর থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ তাকে অনেকদিন ধরেই খুঁজছিল।”

বিবিসি’র খবরে বলা হয়, এ ঘটনায় আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, “দ্বিতীয় সন্দেহভাজনের বিরুদ্ধে অতীতে হত্যায় জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে।”

সুইডেনের টিটি নিউজ এজেন্সির খবরে বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

 হামলায় নিহতদের মধ্যে দুইজন সুইডেনের, একজন যুক্তরাজ্যের এবং একজন বেলজিয়ামের নাগরিক। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

এখন পর্যন্ত এ হামলার দায়ও কেউ স্বীকার করেনি।