৪২ হাজার ফুট উপরে বিমানে শিশুর জন্ম!
তুরস্ক এয়ারলাইন্সের একটি বিমান ৪২ হাজার ফুট উপর দিয়ে ওড়ার সময়ই মাঝ আকাশে সেই ফ্লাইটে শিশুসন্তানের জন্ম দিয়েছেন এক নারী।
তার সাহায্যে এগিয়ে আসা কেবিন ক্রুরা বাড়তি একজন যাত্রীকে সাদরেই আমন্ত্রণ জানিয়েছেন।
বিবিসি’র খবরে বলা হয়, ওই নারী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। গিনির রাজধানী কোনাক্রি থেকে উয়াগাদুগু হয়ে ইস্তাম্বুলগামী উড়োজাহাজটি ওড়ার কিছুক্ষণ পরই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। পরে বিমানবালাদের সহায়তায় মাঝ আকাশেই জন্ম নেয় এক কন্যা সন্তান। বিমানে নতুন এ অতিথিকে পেয়ে আনন্দে মেতে ওঠেন কেবিন ক্রুরাসহ সাধারণ যাত্রীরাও।
বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি এরপর বুরকিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুতে অবতরণ করার পর মা ও সদ্যজাত শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। শিশুটির নাম রাখা হয়েছে খাদিজু। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
