২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার’

সিরিয়া ইস্যুতে আগের দেওয়া বক্তব্য থেকে ইউটার্ন নিয়েছে যুক্তরাষ্ট্র। এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরানোকেই যুক্তরাষ্ট্র অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2017, 09:08 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

ইদলিবের খান শেইখৌন শহরে সিরিয়ার রাসায়নিক গ্যাস হামলার জবাবে সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দুইদিন পর মার্কিন দূত এ মন্তব্য করলেন।

এর আগে গত ৩০ মার্চে সাংবাদিকদের নিকি হ্যালি বলেছিলেন, “সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করা আরযুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়।”

এখন সে অবস্থান থেকে সরে এসে রোববার সিএনএন এর ‘স্টেট অব দ্যা উইনিয়ন’- এ এক সাক্ষাৎকারে হ্যালি বলেন, “ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করা, সিরিয়ায় ইরানের প্রভাবের অবসান ঘটানো এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করাকে ওয়াশিংটন অগ্রাধিকার দিচ্ছে।”

তিনি বলেন, “প্রেসিডেন্ট আসাদ ক্ষমতায় থাকলে সিরিয়ায় শান্তিপ্রতিষ্ঠা সম্ভব বলে আমরা মনে করি না।”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের দৃষ্টিকোণ ব্যাখ্যা করে হ্যালি বলেন, “আসাদ ক্ষমতায় থাকলে কোনও রাজনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারবে না। আপনি তার কর্মকাণ্ডের দিকে তাকান, সেখানকার পরিস্থিতির দিকে তাকান, আসাদকে দিয়ে কোনও শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা পাওয়া কঠিন।” সিরিয়ায় ক্ষমতার পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে মনে করেন বলেও মন্তব্য করেন হ্যালি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অবশ্য আসাদের ব্যাপারে কিছুটা সহনীয় মনোভাব দেখিয়েছেন। গত শনিবার তিনি বলেন, সিরিয়ায় আইএস দমন করাকেই ওয়াশিংটন প্রথম অগ্রাধিকার দিচ্ছে।