কাশ্মিরে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি উপ-নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ হয়েছে।
রোববারের এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
ওই উপ-নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। এর ফলে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার মধ্যে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম।
শ্রীনগরের নিকটবর্তী বাদগামে ভোটকেন্দ্রের দিকে পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। কিন্তু পরিস্থিতির আরও অবনতি হলে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ সময় পুলিশের গুলিতে আটজন নিহত হয়। এছাড়া, দুপক্ষের সংঘর্ষে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
সংঘর্ষের কারণে অন্তত ৭০টি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। কয়েকটি ভোটকেন্দ্রে বিক্ষোভকারীরা ভোটগ্রহণ মেশিনে আগুন ধরিয়ে দিয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার একটি খালি আসনে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই রাজ্যের অনন্তনাগে লোকসভার আরেকটি খালি আসনে ১২ এপ্রিল উপ-নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। ১৫ এপ্রিল উভয় আসনের ফলাফল ঘোষণা করা হবে।
