সিরিয়ায় হামলা চালিয়ে ‘আবু ইভাঙ্কা’ হলেন ট্রাম্প
সিরিয়ার সরকারি বাহিনীর সামরিক স্থাপণায় ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ায় সামাজিক যোগাযোগ মধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন অনেক আরব।
সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি শহরে ‘রাসায়নিক হামলার’ জবাবে শুক্রবার ভোর রাতের দিকে ভূমধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকে সিরিয়ার শায়রাত বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
তার কিছুক্ষণ পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরব দেশগুলোর নাগরিকরা ট্রাম্পকে আদর করে ‘আবু ইভাঙ্কা’ (ইভাঙ্কার বাবা) বলে ডাকা শুরু করে।
কেউ কেউ তাকে ‘আবু ইভাঙ্কা আল-আমরেকি’ বলেও ডাকছে।
তবে অনেকে ট্রাম্পের এ সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।
একজন ট্রাম্পের ছবিতে আরবের ঐতিহ্যবাহী টারবুশ টুপি পরিয়ে দিয়েছেন। ছবির নিচে লেখা ‘আমরা আপনাকে ভালোবাসি’।
অন্য এক ব্যবহারকারী লেখেন, “আপনি মাত্র কয়েক মাসে যা করেছেন, ওবামা গত আট বছরে তা করতে পারননি।”
একজন লেখেন, “১৫টি জঙ্গিবিমান সেগুলো সিরিয়ার হাজার হাজার মানুষকে হত্যা করতো সেগুলো ধ্বংস হয়ে গেছে।”
ইদলিবের একজন মিডিয়া এক্টিভিস্ট ট্রাম্পের প্রতি ‘আসাদের পেছনে আঘাত’ করা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনেকে লেখেন, তারা কখনও এমন দিন আসার কল্পনা করেননি। ‘আরব দেশগুলোর কাপুরুষ সরকার যা করতে পারেনি’ ট্রাম্প তা করে দেখানোয় তাকে ধন্যবাদ দিয়েছেন অনেকে।
সিরিয়ার এক নাগরিক লেখেন, “আমাদের হৃদয় ধীরে ধীরে আবারও আশান্বিত হচ্ছে। আপনাকে ধন্যবাদ, ট্রাম্প।”
লন্ডনে বসবাসকারী সিরিয়ার এক নাগরিক লেখেন, “গত ছয় বছরের মধ্যে এই প্রথম আসাদ সরকারকে তাদের অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে দায়ী করা হলো।”
সিরিয়ার সাংবাদিক রামি জারাহ লেখেন, “ট্রাম্পের মত একজন করুণারযোগ্য মানুষের জন্য সিরিয়ার বাসিন্দারা আনন্দ করছে না, বরং আসাদের হাতে তাদের হত্যার জন্য আর সামন্য অস্ত্রই আছে শুধু সেটার জন্য তারা খুশি।”
লন্ডন ভিত্তিক ব্লগার কার্ল শ্যারো লেখেন, “ট্রাম্প খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের জাদুকরী নীতি বুঝে ফেলেছেন। সেটা হলো: যদি দেশে কিছু নিয়ে গণ্ডগোল শুরু হয়, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান শুরু করা।”
আরেকজন লিখেছেন, “তাহলে এখন আপনি ট্রাম্পকে ভালোবাসেন? তারা এখন কোথায়, যারা ট্রাম্প ক্ষমতায় আসার পর বলেছিলেন তিনি আরব ও মুসলিমদের ঘৃণা করেন।”
আসাদ সরকারপন্থি একজন টুইট করেন, “রাক্কা ও মসুলে হাজার হাজার শিশুকে হত্যার জন্য ট্রাম্প কি এখন ইরাক ও সিরিয়ায় তাদের বিমানঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করতে যাচ্ছেন?”
