২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র সমর্পণ শুরু করেছে বাস্ক বিচ্ছিন্নতাবাদীরা

ইউরোপের বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের গেরিলা ইউনিট ইটিএ তাদের কাছে থাকা অবশিষ্ট অস্ত্র সমর্পণ শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 05:19 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

শনিবার তাদের অস্ত্র ভাণ্ডারের অবস্থানসহ একটি তালিকা ফরাসি কর্তৃপক্ষের কাছে তুলে দেয় ইটিএ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর মাধ্যমে প্রায় অর্ধ শতাব্দি পর উত্তর স্পেন ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিরাজমান সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ের অবসান হল।

উত্তর স্পেনে ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্বাধীন বাস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠার উদ্যোগে ১৯৫৯ সালে এ লড়াই শুরু করা হয়েছিল। স্পেনের একনায়ক জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর রাজনৈতিক ও সাংস্কৃতিক দমন-পীড়নের মুখে ক্ষুব্ধ বাস্করা ইটিএ (এয়ুসকাদি তা আস্কাতাসুনা- বাস্ক দেশ ও মুক্তি) গঠন করেছিল।

প্রতিষ্ঠার পর থেকেই ইউরোপের অন্যতম একগুয়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে কুখ্যাতি অর্জন করেছিল ইটিএ। ২০১১ সালে অস্ত্রবিরতি ঘোষণার আগ পর্যন্ত ইটিএ গেরিলাদের হাতে ৮৫০ জন নিহত হয়েছিল।

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের উপকূলীয় শহর বেয়োনিতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অস্ত্র হস্তান্তর করে গোষ্ঠীটি। তবে অস্ত্র সমর্পণ করলেও গোষ্ঠীটি রাজনৈতিক অস্তিত্ব বজায় থাকবে। এই অস্ত্র সমর্পণের মধ্যমে পশ্চিম ইউরোপের বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ের সর্বশেষ অধ্যায়ের সমাপ্তি ঘটল। 

ইন্টারন্যাশনাল ভ্যারিফিকেশন কমিশনের (আইভিসি) চেয়ারম্যান রাম মানিককালিনগাম বেয়োনিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১২টি অস্ত্র ভাণ্ডারের অবস্থানসহ তালিকা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

ইটিএ-র দেওয়া সহিংসতা অবসানের ঘোষণা তদারক করার জন্য ২০১১ সালে আইভিসি প্রতিষ্ঠা করা হয়েছিল। 

ইটিএ-র অস্ত্র ভাণ্ডারে প্রায় ১৩০টি পিস্তল ও দুই টনের মতো বিস্ফোরক থাকতে পারে বলে জানিয়েছে ফরাসি সন্ত্রাস-বিরোধী বিশেষজ্ঞরা।