উত্তরপ্রদেশে খোঁজ পাওয়া ‘মোগলি’র পরিবারকে খুঁজছে পুলিশ
দ্য জাঙ্গল বুক-এর মোগলি নয়, একেবারে বাস্তবের ‘মোগলি’-রই খোঁজ মিলেছে উত্তরপ্রদেশের বরাইচে কাটরানিয়াঘাট জঙ্গলে। তবে সে ছেলে নয়, একটি ৮ থেকে ১০ বছরের মেয়ে। পুলিশ এখন তার পরিবারের খোঁজ করছে।
গল্পের মোগলির মত মানবসন্তান হয়েও জঙ্গলে পশুদের মধ্যে থেকে পশুদের মতোই আচরণ মেয়েটির। বড়ও হয়েছে জঙ্গলের পশুদের মধ্যেই।
কয়েকসপ্তাহ আগে স্থানীয় গ্রামবাসীদের কয়েকজন জঙ্গলটিতে কাঠ কাটতে গিয়ে দেখেন, মেয়েটিকে ঘিরে রয়েছে এক দল হনুমান। সম্পূর্ণ নগ্ন, বড় বড় চুল, অনেকটা পশুর মতোই দেখতে লাগছিল মেয়েটিকে। সে ওই হনুমানদের সঙ্গে কথা বলছিল।
হনুমানগুলোর কাছ থেকে গ্রামবাসীরা মেয়েটাকে সরিয়ে নেওয়ার যাওয়ার চেষ্টা করতেই হনুমানগুলো তেড়ে আসে তাদের দিকে। কয়েক জনকে আক্রমণও করে।
পরে মেয়েটিকে হনুমানের দলের কাছ থেকে কোনওরকমে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। মেয়েটি অপুষ্টিতে ভুগছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে সে চার হাত-পায়ে হাঁটছিল। তার নখ, চুলও বিশাল বড় হয়ে গিয়েছিল। মেয়েটি কথা বলে না, শুধু আওয়াজ করতে পারে।
মেয়েটিকে উদ্ধার করে আনার সময় সে দুর্বল ছিল। তবে এখন তার অবস্থা কিছুটা ভাল। পরবর্তীতে মেয়েটিকে শিশু কল্যাণ সংস্থায় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মেয়েটিকে কেউ জঙ্গলে ছেড়ে গিয়েছিল। অনেক দিন ধরে হনুমানের দলের সঙ্গে থাকতে থাকতে সে হনুমানের মত আচরণ করছে। মেয়েটিকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। খোঁজা হচ্ছে তার বাবা- মা কেও।
