২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড দামে বিক্রি গোলাপি হীরা ‘পিংক স্টার’

‘পিংক স্টার’ নামে গোলাপি রংয়ের ডিম্বাকৃতির একটি হীরা হংকংয়ে রেকর্ড দামে বিক্রি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 08:32 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বিবিসি জানায়, সুদেবে নিলাম হাউজে নিলামে তোলার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৫৯ দশমিক ৯ ক্যারেট ওজনের হীরাটি সাত কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হয়ে যায়।

রত্ন পাথরের দামের ক্ষেত্রে যা নতুন বিশ্ব রেকর্ড। পলিশ হীরার মধ্যে এটিই সবচেয়ে বড় আকৃতির হীরা যেটি নিলাম হল।

যদিও এই হীরাটিই ২০১৩ সালে জেনেভায়  আট কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। কিন্তু ক্রেতা সময়মত দাম পরিশোধ করতে না পারায় ওই নিলাম বাতিল হয়ে যায়।

যে কারণে সবচেয়ে দামি হীরার রেকর্ড এতদিন ওপেনহেইমার ব্লু’র দখলে ছিল। গত বছর মে মাসে হীরাটি পাঁচ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়।

১৯৯৯ সালে আফ্রিকার একটি খনিতে পিংক স্টারকে পাওয়া যায়। এটি কাটতে দুই বছরের বেশি সময় লাগে।

সুদেবে কর্তৃপক্ষ জানায়, পিংক স্টারের শুরুর দাম ছিল পাঁচ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

হংকংয়ের জুয়েলারি কোম্পানি চৌ থাই ফুক জুয়েলারি হীরাটি কিনেছে।

রত্ন ব্যবসায়ী আলেক্সান্ডার ব্রেকনার বিবিসি’কে বলেন, “এখন পর্যন্ত খুঁজে পাওয়া গোলাপি রংয়ের হীরার মধ্যে এটি সবচেয়ে বড়। এটার রঙও অসাধারণ।”